২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইজাজ বাটকে জাতীয় পরিষদে তলব

অঘটনে ভরা ইংল্যান্ড সফরের কারণ ব্যাখ্যার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটকে জাতীয় পরিষদে তলব করা হয়েছে। এরই মধ্যে পিসিবিকে ঢেলে সাজাতে বাটকে নির্দেশ দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। নইলে তার দুই বছরের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়ে দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 11:33 AM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অঘটনে ভরা ইংল্যান্ড সফরের কারণ ব্যাখ্যার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটকে জাতীয় পরিষদে তলব করা হয়েছে। এরই মধ্যে পিসিবিকে ঢেলে সাজাতে বাটকে নির্দেশ দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। নইলে তার দুই বছরের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়ে দেয়া হয়েছে। ইজাজ বাটের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হবে এ মাসের শেষ দিকে। পাকিস্তানের বিতর্কিত ইংল্যান্ড সফর নিয়ে শুনানি হবে ১১ অক্টোবর। সে সময় অ্যান্ড্রু স্ট্রাউসের দল সম্পর্কে বাটের মন্তব্য এবং তা প্রত্যাহার সম্পর্কেও তাকে ব্যাখ্যা দিতে হবে। পাকিস্তান দলে ইউনুস খানের অব্যাহত অনুপস্থিতি নিয়েও প্রশ্ন করা হবে তাকে। ইজাজ বাট ছাড়াও ক্রিকেট বোর্ডের আইন উপদেষ্টা তাফাজ্জুল রিজভি, সাবেক টিম ম্যানেজার ইয়াওয়ার সাঈদ, কোচ ওয়াকার ইউনুস, আকিব জাভেদ ও ইজাজ আহমেদ এবং প্রধান নির্বাচক মোহসিন খানকেও শুনানিতে তলব করা হয়েছে। জাতীয় পরিষদের ক্রীড়া বিষয়ক কমিটির প্রধান ইকবাল মুহাম্মদ আলি জানান, শুনানিতে ইংল্যান্ডে পাকিস্তান দলের পারফরম্যান্স, 'স্পট ফিক্সিং' নিয়ে বিতর্ক ও এ পর্যন্ত এসব বিষয় পাকিস্তান ক্রিকেট বোর্ড যেভাবে দেখভাল করেছে, তা খতিয়ে দেখা হবে। ইংল্যান্ড দলের বিরুদ্ধে বাটের অভিযোগ ও তা প্রত্যাহারের কারণ ব্যাখ্যা এবং দল নির্বাচন প্রক্রিয়াও খতিয়ে দেখা হবে বলে তিনি জানান। মুহাম্মদ আলি বলেন, দলে ইউনুস খানের অব্যাহত অনুপস্থিতির কারণও ব্যাখ্যা করতে হবে বোর্ডকে। বর্তমান সংকট থেকে দলকে বের করে আনার জন্য ইউনুস খানকে নেতৃত্ব ফিরিয়ে দেয়ার জন্য সাবেক ব্যাটসম্যান জহির আব্বাস পিসিবির প্রতি আহ্বান জানান, কয়েকদিন আগে। পেস বোলার মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও টেস্ট অধিনায়ক সালমান বাট 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ ওঠার পর পাকিস্তানের ইংল্যান্ড সফর নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই তিনজনকে সব ধরনের ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৭০৮ ঘ.