২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই বিদায় নয় : পন্টিং

এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কোনো ইচ্ছা নেই অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 02:24 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কোনো ইচ্ছা নেই অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের। বেশ কিছুদিন ধরে রান পাচ্ছিলেন না অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান। তাই ভারত সফরের পর তাকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া চিন্তা-ভাবনা করবে বলে গুজব রয়েছে। তবে এখনো যে ফুরিয়ে যাননি ব্যাট দিয়ে তার প্রমাণ দিতে শুরু করেছেন পন্টিং। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন। ১৫৪ মিনিট উইকেটে থেকে খেলেন ১২৪ বল। ব্যাট-প্যাড কখন তুলে রাখবেন এই প্রশ্নের জবাবে ৩৫ বছর বয়সী পন্টিং বলেন, "আমার ক্রিকেট জীবনের সমাপ্তি টানার সময় এখনো হয়নি।" এখানেই থেমে থাকেননি, দল নিয়ে ফের ভারত সফরে আসারও কথা বলেন তিনি। ভারতে এবং অ্যাশেজ সিরিজে কেমন খেলেন, তা বিবেচনা করে পন্টিং তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা-ভাবনা করবেন। শচীন টেন্ডুলকারকে নিজের অনুপ্রেরণা হিসেবে দেখছেন পন্টিং। ৩৭ বছর বয়সেও শচীনের ব্যাটিং প্রতিদিনই উন্নত হচ্ছে বলে মনে করেন তিনি। পন্টিং বলেন, "আমি এখন আমার 'প্রস্তুতি' ও 'শারীরিক সুস্থতা'র ওপরই বেশি জোর দিচ্ছি। আমি জানি সেরা খেলা খেলেই আমাকে টিকে থাকতে হবে। আর তা পারলে সবকিছুই আমার নিয়ন্ত্রণে থাকবে।" পন্টিং ১৪৬ টেস্টে ১২,০২৬ রান করেছেন। গড় ৫৪.৬৬। শতক হাঁকিয়েছেন ৩৯টি। এছাড়া ৩৫১ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪২.৮৫ গড়ে রান করেছেন ১৩,০৭২। ২৯টি শতকও রয়েছে তার।। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/এনআই/২০০৭ ঘ.