ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড সফরে 'স্পট ফিক্সিং'র জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করলেন সাবেক দুই অধিনায়ক ওয়াসিম আকরাম এবং রমিজ রাজা।
সাবেক ফাস্ট বোলার আকরাম বলেন, পিসিবি'তে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে। তাই খেলোয়াড়দের সঠিক দিক-নির্দেশনা দেয়া সম্ভব হচ্ছে না। আর এ কারণেই তরুণ খেলোয়াড়রা সব তালগোল পাকিয়ে ফেলছে।
তিনি জোর দিয়ে বলেন, "ক্রিকেট দলে নয়, নেতার অভাব রয়েছে বোর্ডেই।"
সাবেক অধিনায়কের মতে, ইংল্যান্ড যাওয়ার আগেই পিসিবি'র উচিত ছিল সিরিজটা কতটা কঠিন এবং চাপের তা খেলোয়াড়দের বুঝিয়ে দেয়া। একই সঙ্গে আকরাম প্রশংসা করেন একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহিদ আফ্রিদির। কারণ মাঠে এবং মাঠের বাইরের অসম্ভব চাপ সামলে তিনি পুরো দলের মনোবল ধরে রেখেছিলেন।
রমিজ রাজা বলেন, এর আগেও ইংল্যান্ড সফরে পাকিস্তান দলকে নিয়ে নানা বিতর্ক হয়েছে। তাই এবার পিসিবি এবং দল পরিচালনা কমিটির উচিত ছিল আগেই খেলোয়াড়দের সাবধান করে দেয়া। অনেকেই পাকিস্তানকে বেকায়দায় ফেলতে চায় বলে তিনি দাবি করেন।
আরেক সাবেক অধিনায়ক এবং অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান বলেন, ইংল্যান্ডের ঘটনার জের ধরে পশ্চিমা প্রচার মাধ্যম পাকিস্তানে ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার বলে প্রচারণায় মেতে উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৯২০ ঘ.
bdnews24