ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাতে অস্ত্রোপচার করায় ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের খেলায় মাঠে নামতে পারছেন না শন টেইট। দর্শক হয়ে থাকতে হবে কমপক্ষে ডিসেম্বরের প্রথমদিক পর্যন্ত। এর ফলে তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কেননা অস্ট্রেলিয়ার দল ঘোষণা করার কথা ডিসেম্বরের শেষ দিকে।
"শুক্রবার বিকেলেই টেইটের ডান হাতের কনুইয়ে অস্ত্রোপচার করা হয়। বহুদিন ধরেই তিনি কনুইয়ের সমস্যায় ভুগছিলেন। দ্রুত সেরে ওঠার ওপর নির্ভর করছে তার ক্রিকেটাঙ্গনে ফেরা,"বলেলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালক ট্রেফর জেমস, "আগামী দুই মাসের মধ্যে তিনি মাঠে নাও ফিরতে পারেন।"
গত দুই-এক বছর ধরে অস্ট্রেলিয়ার একদিনের দলে কখনো টেইটের জায়গা হচ্ছে, আবার কখনো হচ্ছে না। তবে গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরেই চোখ ঝলসে দেন তিনি। নায়কও ছিলেন ২০০৭ সালের বিশ্বকাপ জয়ের।
ভারত সফররত অস্ট্রেলিয়া টেস্টের পরপর তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। এর পরই শ্রীলঙ্কার বিপক্ষে একটি টোয়েন্টি-টোয়েন্টি, টেস্ট ও তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে দেশের মাটিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০১ ঘ.
bdnews24