ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনের শুরুতেও জহির খান, শেষেও তিনি। মোহালি টেস্টের প্রথমদিন তিনি খেলায় ফিরিয়ে এনেছেন ভারতকে। এক উইকেটে ১৫৪ রান থেকে অস্ট্রেলিয়া দিন শেষ করে ৫ উইকেটে ২২৪ রানে।
অস্ট্রেলিয়ার পাঁচটি উইকেটের তিনটিই নিয়েছেন জহির।
তবে প্রথমদিনে অস্ট্রেলিয়ারও একজন নায়ক রয়েছেন, শেন ওয়াটসন। টেস্ট শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের দুই পালাতেই শতক হাঁকিয়েছিলেন তিনি। যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন তিনি প্রথম টেস্টের প্রথম পালাতেও।
দিনশেষে ওয়াটসনের নামের পাশে অপরাজিত ১০১ রান। টেস্টে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। তার সঙ্গে উইকেটে আছেন উইকেটরক্ষক টিম পেইন ১ রান নিয়ে।
টস জিতে শুক্রবার ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। শুরুতেই আঘাত হানেন জহির। ব্যক্তিগত ৬ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচকে। তখন দলের রান ছিল ১৩।
এ অবস্থায় হাল ধরেন ওয়াটসন এবং পন্টিং। দলের সঙ্গে তারা ১৪১ রান যোগ করলে বড় সংগ্রহের আভাস পাওয়া যেতে থাকে। কাক্সিক্ষত শতকের দিকেই এগিয়ে যাচ্ছিলেন অজি অধিনায়ক। কিন্তু ৭১ রান করে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন তিনি।
পন্টিংয়ের বিদায়ের পর কিছুটা হলেও পথ হারিয়ে ফেলে সফরকারীরা। একদিকে ওয়াটসন উইকেট আগলে খেলে গেলেও অপরপ্রান্তে উপরের দিকের ব্যাটসম্যানদের মধ্যে আর কেউই সুবিধা করতে পারেননি। দ্রুত আরো তিন উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।
প্রথমদিন দুই ভারতীয় স্পিনারের মধ্যে নজর কেড়েছেন বাঁ-হাতি প্রজ্ঞান ওঝা। কিন্তু তার বলে কয়েকটি ক্যাচ না ছেড়ে দিলে দিনটা পুরোপুরিই ভারতের হতে পারত। হরভজন সিং নেন একটি উইকেট। তবে সেভাবে দাগ কাটতে পারেননি তিনি।
দিনের শেষ দিকে ৮৩ ও ৮৫তম ওভারে জহির সাজঘরে ফিরিয়ে দেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে পরিচিত মাইক হাসি এবং মার্কাস নর্থকে। হাসি করেন ১৭। আর হিসেবের খাতা খোলার আগেই নর্থের স্ট্যাম্প উড়িয়ে দেন জহির।
স্বাগতিক দলের বোলারদের মধ্যে সবচেয়ে হতাশ করেন ইশান্ত শর্মা। হাঁটুর ব্যথায় মাঠ ছাড়ার আগে এই পেসার ৭ ওভার ৪ বল করে রান দেন ৪৯। তাতে নো বল ছিল আটটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/টিআর/এনআই/১৮৩৮ ঘ.
bdnews24