ব্যাঙ্গালোর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের চোয়ালে শুক্রবার অস্ত্রোপচার করা হয়েছে। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নাও দেখা যেতে পারে তাকে। কেননা চিকিৎসকরা দুই থেকে তিন সপ্তাহের জন্য তাকে বিশ্রাম নিতে বলেছেন।
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পেসার সাহাদাত হোসেনের একটি শর্ট বল দ্রাবিড়ের হেলমেট ভেদ করে তার চোয়ালে আঘাত হানে। এতে তার হাড়ে চিড় ধরে। এরপর দ্রাবিড় আর মাঠে নামতে পারেননি।
ব্যাঙ্গালোরের একটি হাসপাতালের চিকিৎসক জানান, দ্রাবিড়কে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।
দুই-একদিনের মধ্যে তিনি তার স্বাভাবিক কাজ-কর্মও শুরু করতে পারবেন। তবে দুই থেকে তিন সপ্তাহ তাকে ক্রিকেট না খেলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুবরাজও খেলতে পারছেন না। তবে দ্বিতীয় টেস্টে মাঠে দেখা যেতে পারে শ্রীশান্তকে। এ দু'জনও আহত হন বাংলাদেশ সফরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৫৮ ঘ.
bdnews24