ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় পর্বের ম্যাচে খুলনার প্রথম ইনিংসের ৩৩২ রানের জবাবে ১৯৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে বরিশাল বিভাগ। অন্য ম্যাচে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে সিলেট। চট্টগ্রামের ২২৭ রানের জবাবে দ্বিতীয়দিন শেষে সিলেট ৪০ রান করে, ৫ উইকেটে। আরেকটি ম্যাচে ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে ৩৭৫ রান করেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী।
ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নাজমুস সাদাতের ৭৫, হাবিবুল বাশারের ৮৭, নাজিমউদ্দিনের ৩৭ ও সৈয়দ রাসেলের ৪২ রানের সুবাদে ৩৩২ রান করে খুলনা বিভাগ। বরিশালের শোহাগ গাজী ৩ ও আরাফাত সালাউদ্দিন ৬ উইকেট নেন।
জবাবে দ্বিতীয়দিন শেষে ১৯৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে বরিশাল বিভাগ। ফজলে রাব্বি ৩৯ এবং হান্নান সরকার ৫১ রান করেন। খুলনার পক্ষে সৈয়দ রাসেল, মুরাদ খান ও ডলার মাহমুদ ২টি করে উইকেট নেন।
রাজশাহী স্টেডিয়ামে নাজিমুদ্দিনের ৪৯ ও ফয়সাল হোসেনের ৯৬ রানের ওপর ভর করে চট্টগ্রাম সংগ্রহ করে ২২৭। ৩ উইকেট নিয়েছেন সিলেটের নাবিল সামাদ। জবাবে চট্টগ্রামের বোলিং তোপে প্রথম ইনিংসে ৪০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে সিলেট বিভাগ।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে ৩৭৫ রান তুলেছে রাজশাহী। জহুরুল ইসলাম ১১৫ ও ফরহাদ হোসেন ১৫৭ রান করেন। মোহাম্মদ শরীফ ৫ উইকেট নিয়েছেন। জবাবে দ্বিতীয়দিন শেষে ১ উইকেটে ১০ রান করেছে ঢাকা বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৫৬ ঘ.
bdnews24