২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড সফরে নেতৃত্ব নিচ্ছেন না মাশরাফি

নউজিল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেট খেলবেন পেসার মাশরাফি বিন মুর্তজা। তবে দলের নেতৃত্ব নিতে রাজি হননি নির্ভরযোগ্য এই বোলার। সাকিব আল হাসানকে অধিনায়ক রেখেই বুধবার নিউজিল্যান্ড সফরে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 12:17 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেট খেলবেন পেসার মাশরাফি বিন মুর্তজা। তবে দলের নেতৃত্ব নিতে রাজি হননি নির্ভরযোগ্য এই বোলার। সাকিব আল হাসানকে অধিনায়ক রেখেই বুধবার নিউজিল্যান্ড সফরে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন শাহরিয়ার নাফিস। টোয়েন্টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচের কথা বিবেচনা করে দলে নেয়া হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) ফেরত আরেক ক্রিকেটার মারকুটে ব্যাটসম্যান আফতাব আহমেদকে। টেস্ট সিরিজেও থাকবেন তিনি। মাঝ খানে শুধু একদিনের সিরিজ খেললেও এবার নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে জায়গা পেয়েছেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তবে শুধু টেস্ট খেলবেন জুনায়েদ সিদ্দিকী। তিন ম্যাচের একদিনের সিরিজ শেষে দেশে ফিরবেন মাশরাফি বিন মুর্তজা। দলের সঙ্গে যোগ দেবেন জুনায়েদ। একটি মাত্র টেস্টে সুযোগ দেয়ার পরই শাহরিয়ার নাফিসকে বাদ দেয়ার কারণ জানতে চাইলে প্রধান নির্বাচক রফিকুল আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহরিয়ার নাফিস টেস্ট ক্রিকেট খেলার যোগ্য হলেও আপাতত তাকে বিশ্রাম দেয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষ সিরিজে তাকে দলে নেয়া হবে।" নিউজিল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করেই জুনায়েদকে নেয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। দু'বছর আগে নিউজিল্যান্ডের মাটিতেই একদিনের এবং টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিলো জুনায়েদ সিদ্দিকীর। ২০০৮ সালের সেই সফরে দুই ধরণের ক্রিকেটেই সফল হয়েছিলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। এমন কি, দেশের মাটিতেও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালোই খেলেন জুনায়েদ। দল থেকে বাদ পড়ার ব্যাপারে শাহরিয়ার নাফিস বলেন, "আমি নিউজিল্যান্ড যাচ্ছি না, এ নিয়ে আমার কোন অভিযোগ নেই। তবে একাদশের বাইরে থাকার চেয়ে ঘরোয়া ক্রিকেট খেলে ফর্ম ঠিক রাখাই হবে আমার জন্য ভালো। কারণ একটি টেস্ট ম্যাচ বাদ দিলে প্রায় দেড় মাস হলো ক্রিকেট খেলছি না। নিজের প্রয়োজনেই প্রথম শেণীর ক্রিকেটে মনোযোগ দেয়া দরকার।" নিউজিল্যান্ড সফরের সুযোগ পেয়ে আফতাব আহমেদ বলছিলেন, "আবার জাতীয় দলে খেলব বলে ভালো লাগছে। আমি সব সময়ই দেশের হয়ে খেলতে গর্ববোধ করি। চেষ্টা করবো ভালো করতে।" দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা (একদিনের দল), সাহাদাত হোসেন, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাঈম ইসলাম, আফতাব আহমেদ, আব্দুর রাজ্জাক ও নাজমুল হোসেন। জুনায়েদ সিদ্দিকী (টেস্ট দল)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৮২০ ঘ.