২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিতে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া মুখোমুখি

শ্রীলঙ্কার কাছে কোয়ার্টার ফাইনালে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে শ্রীলঙ্কা উঠে গেছে সেমিফাইনালে। নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়াও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 03:42 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

লিঙ্কন (নিউজিল্যান্ড), জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার কাছে কোয়ার্টার ফাইনালে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে শ্রীলঙ্কা উঠে গেছে সেমিফাইনালে। নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়াও। বুধবার সেমিতে মুখোমুখি হবে দল দু'টি। জেতার জন্য ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শারিত জয়ামপাতির মারাত্মক বোলিংয়ের মুখে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪৫ রানে, ৩৬ ওভার ৪ বলে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে রান করে ২৯৩। কিন্তু বৃষ্টির জন্য এক ওভার খেলা না হওয়ায় ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। অপর কোয়ার্টার ফাইনালে ৬২ রানে হারিয়ে নিউজিল্যান্ডকে বিদায় করে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান করে। নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ১৭০ রানে, ৪৩.২ ওভারে। বার্ট শাটক্লিফ ওভালে টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জেআর রিচার্ডস ব্যাটিংয়ে পাঠান শ্রীলঙ্কাকে। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলাররা। বরং শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা চড়াও হন তাদের ওপর। ৫৯ রানের মাথায় দুই উইকেট পড়ে গেলেও পিবিবি রাজাপাকসা ও এমএলআর বুদ্দিকা জুটি বেঁধে ৯১ রান তুলে দলের অবস্থান সুসংহত করেন। রাজাপাকসা ৭৮ বলে ৭৯ রান করেন। চার মারেন ১০টি। আর বুদ্দিকা ৫৪ বলে চারটি চারের সাহায্যে করেন ৪২। উদ্বোধনী ব্যাটসম্যান এআর বেরেঙ্গারসহ (২৪) মিডল-অর্ডারের অন্য ব্যাটসম্যানরা কম-বেশি রান করায় শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ২৯৩-এ। কেডিকে ভিথানাগে ৪৫, এমএপি ফার্নান্দো ২৮ ও লেজের দিকের ব্যাটসম্যান অধিনায়ক কেপিসিএম পেরিস ১৯ রান করেন। এছাড়া এমডি গুনাথিলেকে ১৬ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। সীমানার ওপারে বল পাঠান তিনি দু'বার। দক্ষিণ আফিকার বোলারদের মধ্যে এমজে এনগোলো ২ উইকেট নেন ৪৬ রানে। এছাড়া একটি করে উইকেট নেন জিআই হুম, আর অ্যাঙ্গেলব্রেখট ও এস স্মিথ। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে দক্ষিণ আফ্রিকার। মাত্র ৩৬ ওভার ৪ বলে ১৪৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন রিচার্ডস। এছাড়া সিএন অ্যাকারম্যান ২১, এনগোলো ১৯, সি শেঠি ১৫ ও জিআই হুম ১০ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে চার উইকেট নেন জয়ামপাতি, ৩১ রানে। ১৫ রানে দুই উইকেট নেন এসএন রাজাগুরু। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রাজাপাকসা। এদিকে প্লেট পর্বের কোয়ার্টার ফাইনালে হংকংকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় ১৫৬ রানে, এক ওভার বাকি থাকতেই। রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ ৪০ ওভার ৪ বলেই জয়ের লক্ষ্য ১৫৭ রানে পৌঁছে যায়, ৬ উইকেট হারিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৩৮ ঘ.