২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশ্রুতি রাখতে পারেননি ক্রিকেটাররা

লড়াই জমিয়ে তোলার সুযোগই হয়নি, পুরোদিন খেলতেও পারেনি, আগেই গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। প্রতিশ্রুতি রাখতে পারেননি তামিম ইকবালরা। মাহমুদউল্লাহ রিয়াদের ৯৬ রানের ইনিংসটিই শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টের প্রথমদিনের তৃতীয় সেশন পর্যন্ত নিয়ে যায় বাংলাদেশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 02:46 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়োন্টফোর ডটকম) - লড়াই জমিয়ে তোলার সুযোগই হয়নি, পুরোদিন খেলতেও পারেনি, আগেই গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। প্রতিশ্রুতি রাখতে পারেননি তামিম ইকবালরা। মাহমুদউল্লাহ রিয়াদের ৯৬ রানের ইনিংসটিই শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টের প্রথমদিনের তৃতীয় সেশন পর্যন্ত নিয়ে যায় বাংলাদেশকে। যাদের কাছ থেকে বড় ইনিংস আশা করা হয়েছিল, ব্যর্থ হয়েছেন তাদের প্রত্যেকেই। টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনে শনিবার তামিম ইকবাল তো ঘোষণাই দিয়েছিলেন, লড়াই করে ম্যাচ জেতার চেষ্টা করবেন তারা। অথচ সেই তামিমই কিন্তু শূন্য রানে আউট হয়েছেন। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী ইমরুল কায়েসরও (০) একই অবস্থা। আর শাহরিয়ার নাফিসকে বাদ দিয়ে যাকে দ্বিতীয় টেস্টের জন্য একাদশে নেয়া হয়েছে, সেই জুনায়েদ সিদ্দিকীও (৭ রান) নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি। যথারীতি টপঅর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেননি। নিজের হাতের তালুর মতো চেনা মাঠেও তাদের নাকাল করে ছাড়েন ভারতের বোলাররা। এমন হতচ্ছারা ব্যাটিং প্রসঙ্গে রোববার দিন শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লার রীতিমতো খোঁড়া যুক্তি দিলেন। বলেন, "সাদা বল ১৫ ওভার পরে আর ঘোরে না। কিন্তু লাল বল নিয়মিতই ঘোরে। এছাড়া উইকেটে কিছুটা শিশির থাকায় কিছুটা সমস্যা হয়েছে। যদিও বাজে শট খেলে আউট হয়েছে বেশ কয়েকজন। সব মিলে কিছু ভুল তো আমাদের হয়েছে।" টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণ হিসেবে তিনি বলেন, "তারা হয়তো কিছুটা চাপে আছে। চেষ্টা করেও বড় স্কোর পাচ্ছে না। তাদের সমস্যা শোধরানোর কাজ চলছে। আশা করি শিগগিরই সবাই ফর্মে ফিরবে।" শীতের সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ থেকে পেস বোলাররা যে সুবিধা পাবেন তা সবারই জানা। সাকিব আল হাসানরা বিষয়টির সঙ্গে আরো বেশি পরিচিত। শুধু তাই নয়, অধিনায়ক এ কথাও বেশ ভালোভাবেই জানেন টেস্টের প্রথমদিনের এক ঘন্টা ভারতের বোলিং আক্রমণের সমনে উইকেট বাঁচিয়ে রাখা কতটা কঠিন। বাংলাদেশের ক্রিকেটাররা বড় ইনিংস খেলতেও অভ্যস্থ নন। তারপরও টস জিতে আগে ব্যাটিং নিয়ে দুর্ভোগই ডেকে এনেছেন। যদিও মাহমুদউল্লাহ সাকিবের পক্ষেই সাফাই গাইলেন, "আমার মনে হয় না সাকিব টস জিতে ব্যাটিং নিয়ে ভুল করেছে। তারা ভালো বল করেছে। আর আমরা ভুল শট খেলে আউট হয়েছি। আসলে উইকেট বড় কোনো সমস্যা হয়ে ওঠেনি।" উইকেট যে সত্যিই তেমন কোনো সমস্যা নয়, মাহমুদউল্লাহর অসাধারণ ইনিংসটিই তার প্রমাণ। প্রায় তিন ঘন্টা উইকেটে থেকে ১৩টি চারের সাহায্যে ১৫৬ বলে ৯৬ রানের হার না মানা চমৎকার একটি ইনিংস খেলেন। দলের রান সম্মানজনক একটি স্থানে নিয়ে গেলেও নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি অল্পের জন্য করতে পারেননি, শেষ উইকেটে রুবেল হোসেন আউট হওয়ায়। সেঞ্চুরি না পাওয়ায় কোন আক্ষেপ নেই বলেই জানালেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ, "সেঞ্চুরি না পাওয়ায় আমি হতাশ নই। কারণ আমার কাছে দলের প্রয়োজন সবার আগে। দলের জন্য কিছু রান করতে পেরেছি এতেই খুশি। বোলিং, ফিল্ডিং বা ব্যাটিং, যখন যা করি তা থেকে দল উপকৃত হলেই আমি খুশি।" দলের সম্মান বাঁচাতে যে সত্যিই মরিয়া হয়ে উঠেছিলেন তা যুক্তি দিয়ে বোঝানোরও চেষ্টা করেন মাহমুদউল্লাহ, "এমনিতেই আমরা শুরুতেই অর্থাৎ ১৫ ওভারের মধ্যে উইকেট হারিয়েছি। তারওপর সাকিব আউট হয়ে যাওয়ায় আমি লক্ষ্য ঠিক করে নেই যতটা সম্ভব বেশি সময় খেলা।" টস জিতে স্বাগতিক দলের অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল ইশান্ত শর্মার কথাতেই তা স্পষ্ট হয়ে ওঠে, "টসে হেরে আমাদের লাভই হয়েছে। উইকেটে কিছুটা শিশির থাকায় বোলিংয়ে বেশ সুবিধা পেয়েছি। এবং পুরোটাই কাজে লাগিয়েছি।' একে তো শুরুতেই ভুল, তারওপর নিয়মিত বিরতিতে স্বাগতিকদের উইকেট বিলিয়ে দেয়ার দৃশ্য ছিলো চোখে লাগার মত। ইশান্ত শর্মা অল্প কথাতেই বুঝিয়ে দেন, "তাদের ধৈর্য্য ধরা উচিত ছিলো। উইকেটে শান্ত থাকলেই ভালো করতেন।" চার উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামাতে বড় ভূমিকা রাখেন পেসার ইশান্ত শর্মার। দলের সাফল্যের ব্যাপারে তার অভিমত,"আমাদের লক্ষ্য ছিল জায়গা মতো বল করে তাদের চাপে ফেলা। যে ধরণের উইকেট ছিল তা থেকে সুবিধা আদায় করাই ছিল আমাদের লক্ষ্য। সেভাবে বল করেই আমরা সফল হয়েছি।" বাংলাদেশের বোলারদের আগামীকাল কি করা উচিত, এমন প্রশ্নের জবাবে ইশান্ত শর্মা বলেন, "আমার মনে হয় তাদের ধৈর্য্য ধরতে হবে। জায়গা মতো বল ফেলতে হবে। তাহলেই কেবল সাফল্য আসবে।" স্বাগতিক দলের সফল ব্যাটসম্যান মাহমুদউল্লাহও আশা করছেন সোমবার টেস্টের দ্বিতীয়দিন সকালে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বাংলাদেশ দল, "সকালের শিশির ভেজা উইকেট থেকে সুবিধা আদায় করে আমাদের পেস বোলাররা যদি কয়েকটি উইকেট তুলে নিতে পারে, তাহলে প্রতিপক্ষকে চাপে ফেলা সম্ভব। আশা করি আমরা সুযোগ কাজে লাগাতে পারবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৪৭ ঘ.