২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে ভয় পায় না বাংলাদেশ: তামিম

প্রতিপক্ষ ভারত বিশ্বের এক নম্বর দল, তারপর ১-০ তে পিছিয়ে থেকেও আইডিয়া টেস্ট সিরিজে সমতা আনার স্বপ্ন দেখছে বাংলাদেশ। অনেকটা দুঃসাহস দেখিয়ে তামিম ইকবাল বলেন ঢাকা টেস্ট জেতার জন্যেই খেলবে তার দল। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও বিশ্বাস জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 02:27 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষ ভারত বিশ্বের এক নম্বর দল, তারপর ১-০ তে পিছিয়ে থেকেও আইডিয়া টেস্ট সিরিজে সমতা আনার স্বপ্ন দেখছে বাংলাদেশ। অনেকটা দুঃসাহস দেখিয়ে তামিম ইকবাল বলেন ঢাকা টেস্ট জেতার জন্যেই খেলবে তার দল। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও বিশ্বাস জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা। ভারতকে মোক্ষম জবাব দিতে তেতে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের কথায় তা স্পষ্ট,' আমরা এখানে নিশ্চয়ই প্র্যাকটিস করতে নামবো না। খেলার জন্য এবং লড়াই করতেই মাঠে নামবো। আমরা অবশ্যই টেস্ট সিরিজ ড্র করার ক্ষমতা রাখি।' খেলার আগে সাধারণত বাংলাদেশের ক্রিকেটারদের কথার যুদ্ধে লিপ্ত হতে দেখা যায় না। কিন্তু চট্টগ্রাম টেস্টের আগে এবং শেষে বাংলাদেশকে নিয়ে ভারতীয় দলের সহ-অধিনায়ক বীরেন্দ্র শেবাগের মন্তব্য তামিমদের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে বৈকি। তারই জবাব দিতে বোধ হয় শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কথার লড়াইয়ে নেমে ছিলেন তামিম ইকবাল,'খুব বেশি সময় হয়নি আমরা টেস্ট ক্রিকেট খেলছি। দলের বেশিরভাগ ক্রিকেটারই নতুন। অর্ধেকের বেশি এখনও ২০টি টেস্ট ম্যাচ এক সঙ্গে খেলেনি। আশা করি শিগগিরই শুভ দিন আসবে আমাদের।' চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দারুণ খেলেও শেষপর্যন্ত ধারাবাহিক হতে পারেনি বাংলাদেশ। হেরেছে ১১৩ রানের বড় ব্যবধানে। এমন কি দ্বিতীয় ইনিংসে ভারতকে অল-আউট করতে না পারায় শেবাগের চ্যালেঞ্জের জবাব দেয় সম্ভব হয়নি। তামিমের বিশ্বাস,'চট্টগ্রাম টেস্টে আমরা যথেষ্ট ভাল খেলেছি। সেখানে যে ভুল হয়েছে আশা করি এ ম্যাচে তার পূনরাবৃত্তি হবে না। ঢাকা টেস্টে জয় বা ড্র এর যে কোনটিই হতে পারে।' মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য প্রেরণা হয়ে কাজ করবে আগের টেস্টে মুশফিকুর রহিমের সেঞ্চুরি, সাহাদাত এবং সাকিবের পাঁচটি করে উইকেট শিকার। এমনটাই বিশ্বাস করেন মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে টেস্ট ক্রিকেটে নিজেদের দুর্বল দিকটিও লুকাননি তরুণ এই বাঁহাতি ব্যাটসম্যান। বলেন,'আমাদের সমস্যা ব্যাটসম্যানরা মনোযোগ রাখতে পারে না। এরই মধ্যে ব্যাটিংয়ের কঠিন জায়গুলোতে উন্নতি করেছি। এখন মানসিক দিকগুলোতে উন্নতি করতে হবে।' আশরাফুল, তামিম, সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমদের মত ব্যাটসম্যান থাকতেও ব্যাটিংয়ে ধারাবাহিক হতে পারেনি বাংলাদেশ। বাজে শট খেলে দুই ইনিংসেই অভিজ্ঞ আশরাফুলের বিদায়টাকেও ভাল চোখে দেখেননি সাবেক ক্রিকেটাররা। তারপরেও দলে আশরাফুলের প্রয়োজনীয়তা তুলে ধরেন তামিম,'আশরাফুল একজন ভাল ক্রিকেটার। তার পাঁচটা টেস্ট সেঞ্চুরি আছে। আমার বিশ্বাস সে শিগগিরই বড় স্কোর করবে।' প্রথম টেস্টের অভিজ্ঞতা থেকে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে একটি পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। জুনায়দে সিদ্দিকীকে খেলাতে পারেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তবে বোলিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। ওদিকে সিরিজে ১-০ তে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় টেস্টেও জয়ের ব্যাপারে আশাবাদী। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন,' কত বড় ব্যবধানে জয় এলো, সেটা মূখ্য নয়। আমি মনে করি ম্যাচ জেতাটাই আসল। শুরুটা ভাল হলে পরের দিকে প্রাধান্য বিস্তার করে লক্ষ্য অর্জন করা সহজ হয়। আমি দলের সবাইকে সেভাবেই খেলার পরামর্শ দেব।' স্বাগতিক দল ভারতকে হারাতে পারবে কি না এমন এক প্রশ্নের জবাবে মহেন্দ্র সিং ধোনি বলেন,'অবশ্যই বাংলাদেশ জয়ের জন্য খেলবে। যদি তাদের কোন প্রত্যাশাই না থাকে তবে টেস্ট ম্যাচ থেকে কোন পয়েন্টই অর্জন করতে পারবে না। প্রতিপক্ষ যে দলই হোক জয়ের জন্যই খেলা উচিৎ। সাফল্য পেতে স্বাগতিকদের ভাল খেলারও পরামর্শ দেন ভারত অধিনায়ক,' টেস্ট ক্রিকেট পাঁচ দিনের ম্যাচ। ধারাবাহিক ভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভাল করতে হবে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোন কিছুই ঘটতে পারে। কিন্তু তাদেরকে তো ভাল খেলতে হবে।' মেরুদন্ডের হাড়ে চোঁটের কারণে প্রথম টেস্ট খেলা হয়নি ধোনির। সুস্থ হওয়ায় দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেবেন তিনি। ঘাড়ের ব্যথা সারিয়ে স্পিনার হরভজন সিং ও ফিরছেন ঢাকা টেস্টে। যদিও পেসার শ্রীশান্ত এবং ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ খেলার মতো অবস্থায় নেই। আঘাত পেয়ে দু'জনই সিরিজ থেকে ছিটকে পড়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ধোনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/ ২০১০ ঘ.