২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জয় পেলো ঢাকা ও রাজশাহী

জাতীয় লিগের দ্বিতীয় ম্যাচে ঢাকা বিভাগ ১০ উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগকে। চট্টগ্রামের বিপক্ষে রাজশাহী জিতেছে ইনিংস ও ১৩১ রানের বড় ব্যবধানে। দিনের অন্য ম্যাচে খুলনা দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৮৮ রান করে। এর আগে ২৭২ রানে সিলেটের ইনিংস থেমে যায়। ফলে ১৫৮ রানে এগিয়ে আছে বাশারের দল। হাতে আছে দুই উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 04:40 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় লিগের দ্বিতীয় ম্যাচে ঢাকা বিভাগ ১০ উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগকে। চট্টগ্রামের বিপক্ষে রাজশাহী জিতেছে ইনিংস ও ১৩১ রানের বড় ব্যবধানে। দিনের অন্য ম্যাচে খুলনা দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৮৮ রান করে। এর আগে ২৭২ রানে সিলেটের ইনিংস থেমে যায়। ফলে ১৫৮ রানে এগিয়ে আছে বাশারের দল। হাতে আছে দুই উইকেট। খুলনার শেখ নাসের বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচের তৃতীয়দিন শুক্রবার ৩ উইকেটে ১৭৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে বরিশাল। কিন্তু আসিফ আহমেদ ১২১ রান করার পরও তাদের ইনিংস গুটিয়ে যায় ২৫০ রানে। এতে জেতার জন্য ঢাকার লক্ষ্য দাঁড়ায় ৪৫। মোশাররফ হোসেন ৩৯ রানে ও মো. শরীফ ৭৫ রানে ৩টি করে উইকেট নেন। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। উত্তম সরকার ও রনি তালুকদার, দু'জনই করেন ২২ রান করে। ম্যাচ সেরার পুরস্কার পান মো. শরীফ। বিকেএসপিতে ১৯৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে রাজশাহী। ফরহাদ হোসেনের শতকের সুবাদে প্রথম ইনিংসে ৪৯২ রান করে তারা। ফরহাদ ১৫৯ ও জুবায়ের ৮৯ রান করেন। জবাবে দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। প্রথম ইনিংসে ১৮৪ রান তুলেছিল চট্টগ্রাম। ফলে ইনিংস ও ১৩১ রানের বড় ব্যবধানে জেতে রাজশাহী। সোহরাওয়ার্দী শুভ ৩৬ রানে ৫টি উইকেট নেন। সাকলায়েন সজিব চার উইকেট নেন ৫৯ রানে। ম্যাচ সেরা নির্বাচিত হন সাকলায়েন সজিব। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৪ উইকেটে ২২৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে সিলেট। কিন্তু ২৭২ রানেই থেমে যায় তাদের ইনিংস। আব্দুর রাজ্জাক ৪ উইকেট নেন, ৯১ রানে। কুয়াশা ও প্রয়োজনীয় আলোর অভাবে দিনের অনেকটা সময় খেলা হয়নি। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক হাবিবুল বাশার ও রাজ্জাকের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ১৮৮ রান তুলেছে খুলনা। ফলে সিলেটের চেয়ে ১৫৮ রানে এগিয়ে আছে বাশারের দল। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার করেন ৫৭। রাজ্জাক অপরাজিত রয়েছেন ৫৮ রানে। তাপস কুমার ৩১ রানে ৩ উইকেট নেন। নাজমুল হোসেন দুই উইকেট নেন ২২ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২১৬ ঘ.