চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টেস্ট সেঞ্চুরির উচ্ছাস কিভাবে প্রকাশ করবেন, বুঝে উঠতে পারছিলেন না মুশফিকুর রহিম। তার বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ছাড়িয়ে গেছে স্বাভাবিকতা। অনেকের কাছে বুনো মনে হতে পারে। কিন্তু মুশফিকের কাছে তা কোনোভাবেই বাড়াবাড়ি নয়।
"ভাবতেও পারিনি এভাবে 'সেঞ্চুরি' করে ফেলবো। পরাজয়ের ব্যবধান কমাতেই ব্যস্ত থাকতে হয়েছে। সেঞ্চুরি হওয়ার পর তাই আবেগ ধরে রাখতে পরিনি,"সেঞ্চুরির পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মুশফিকের প্রতিক্রিয়া।
অমিত মিশ্রর বলে প্রজ্ঞান ওঝার হাতে লং অফে ক্যাচ দেয়ার আগে ১৭টি চার ও এক ছক্কার সাহায্যে ১০১ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন মুশফিক। ১৭ টেস্টে এটাই তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। এমন দিনে 'ক্রিকেট-পাগল' বাবার সঙ্গে কথা না বলে থাকা যায় না। তাই সাজঘরে ফিরেই সেল ফোনে সবার আগে বাবার সঙ্গে কথা বলেন। বাবাও তাকে অভিনন্দন জানান।
একটি মাত্র সেঞ্চুরির সঙ্গে টেস্টে চারটি হাফ সেঞ্চুরি আছে মুশফিকের। প্রথম অর্ধশত (৮০) রান করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালে। বাকি তিনটি হাফ সেঞ্চুরিই এসেছে ২০০৮ সালে। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ৭৯, সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৫ ও ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ৬১।
নিজের সাফল্য নিয়ে মুশফিকুর রহিম বলেন, "একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলা। এরপর সেঞ্চুরি করা। সেই সেঞ্চুরিও করেছি, তাও বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে। স্বাভাবিকভাবেই ভালো লাগছে।"
তবে সেঞ্চুরি করার পথে যাদের সহযোগিতা বড় ভুমিকা রেখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বলেন, "তিন বোলারকেই ধন্যবাদ। বিশেষ করে, সাহাদাতের কাছে আমি কৃতজ্ঞ। এর আগেও আমাকে সাহায্য করেছে সে। 'এ' দলের হয়ে একটা সেঞ্চুরি করার সময়ও পঞ্চাশ রানের জুটি গড়ে তুলেছিলাম তার সঙ্গে। তখনই আমি জাতীয় দলে ডাক পাই এবং খেলার সুযোগ পাই। আজও (বৃহস্পতিবার) সেঞ্চুরি করার পেছনে তার অবদান অনেক।"
ভারতের বিপক্ষে সেঞ্চুরি করতে হয়েছে মুশফিককে মাথা ঠান্ডা রেখে। কেননা ভারতীয় ক্রিকেটারদের অনেক কটু কথা শুনে ব্যাট করতে হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাকে স্কুল-বয় বলেছে। অনেক মন্তব্য করেছেন শ্রীশান্ত। কিন্তু চুপ করে থেকে তাদের কটু কথার জবাব ব্যাট দিয়ে দেয়ার চেষ্টা করছিলাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৫৩ ঘ.
bdnews24