চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হাতে চোট পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারছেন না ভারতের ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। শিগগিরই দেশে পাঠিয়ে দেয়া হবে তাকে।
তবে আর দর্শক হয়ে বসে নাও থাকতে হতে পারে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও অফ-স্পিনার হরভজন সিংকে।
প্রথম টেস্টের চতুর্থদিন বুধবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে একটি ক্যাচ ধরতে গিয়ে বাঁ-হাতে চোট পান লক্ষ্মণ। এজন্য তার হাতে দশটি সেলাই দিতে হয়।
দলের ম্যানেজার আরশাদ আয়ুব বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "লক্ষ্মণ দেশে ফিরে যাবেন। তার বদলে খেলার জন্য কাউকে ডেকে পাঠানো হবে না।"
চোটের কারণে প্রথম টেস্টে খেলেননি ধোনি ও অফ-স্পিনার হরভজন সিং। কিন্তু আয়ুব বলছেন, এরই মধ্যে তারা অনেকটা সেরে উঠেছেন। দ্বিতীয় টেস্টে তাদের দু'জনকেই মাঠে দেখা যেতে পারে।
দ্বিতীয় টেস্ট ২৪ জানুয়ারি ঢাকায় শুরু হবে।
চট্টগ্রাম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ভারত ১-০ তে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫০ ঘ.
bdnews24