২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের শতকের পরও ভারতের সহজ জয়

উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের (১০১) শতকের পরও সহজেই ভারত চট্টগ্রাম টেস্ট জিতে নিয়েছে। বাংলাদেশ হেরেছে ১১৩ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 11:13 AM

Updated : 24 Aug 2022, 06:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম) - উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের (১০১) শতকের পরও সহজেই ভারত চট্টগ্রাম টেস্ট জিতে নিয়েছে। বাংলাদেশ হেরেছে ১১৩ রানে। জেতার জন্য ৪১৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩০১ রানে থেমে যায় সাকিবদের ইনিংস। প্রথম ইনিংসে শচীন টেন্ডুলকারের অপরাজিত সেঞ্চুরির সুবাদে ২৪৩ রান করে ভারত। জবাবে ১ রান পিছিয়ে থেকে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ২৪২-এ। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৪১৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। ফলে এগিয়ে যায় তারা ৪১৪ রানে। আগেরদিন (বুধবার) বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জেতার জন্য খেলার কথা বললেও জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টের পঞ্চমদিন বৃহস্পতিবার ভারতীয় দলের চাপ সামাল দিতে পারেনি তার দল। এমনকি, শক্ত কোনো প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি। কেবলমাত্র উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। এছাড়া মুশফিকুর রহিমের ঝড়ো শতকে বাংলাদেশের রান তিন শ'র কোঠা ছাড়িয়ে যায়। দলীয় ২৫৮ রানের মাথায় নবম উইকেট (শফিউল) পড়ে গেলে মুশফিক শতকে পৌঁছাতে পারেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু ভারতীয় বোলারদের ঠিকই উড়িয়ে দেন তিনি। যদিও শেষ হাসি তারাই হাসেন। মধ্যাহ্ন বিরতির ঠিক আট মিনিট আগে ১৩৫ রানের মাথায় তামিম ইকবাল ভারত অধিনায়ক বীরেন্দ্র শেবাগের বলে রাহুল দ্রাবিড়েরর হাতে ধরা পড়ার আগে করেন ৫২। অফ-স্ট্যাম্পের কিছুটা বাইরে পড়ে আরো বাঁক নিয়ে বলটি বেরিয়ে যাচ্ছিল। আসলে বলটি খেলার কোনো প্রয়োজন ছিল না। কেননা কিছুক্ষণ পরই মধ্যাহ্ন বিরতি। তারপরও পয়েন্ট ও কাভারের মাঝামাঝি দিয়ে মারতে গেলেন তামিম। বলটি ব্যাটের কানায় লেগে স্লিপে দ্রাবিড়ের হাতে জমা পড়ে। তার ১২২ বলের ইনিংসে চার রয়েছে ছয়টি। দলের রানের সঙ্গে এক যুক্ত হওয়ার পর পাঁচ উইকেটে ১৩৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। এর আগে ৬৭ রানে দিনের খেলা শুরু করে ৭৯ রানের মাথায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (২৭) ও ৯৭ রানে রকিবুল হাসান (১৩) সাজঘরে ফিরে যান। মূলত তামিমের বিদায়ের পর বাংলাদেশের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। মধ্যাহ্ন বিরতি শেষে ১৪৫ রানে সাকিব (১৭) অমিত মিশ্রের বলে শেবাগের হাতে সিলি-পয়েন্টে ধরা পড়লে হারের সময়টা আরো এগিয়ে আসে। এদিকে এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অপর প্রান্তে চলতে থাকে মুশফিকের ঝড়। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১০১ রান করেন তিনি। উইকেট থেকে বেরিয়ে গিয়ে অমিতের ফ্লাইটেড বলটিকে লং-অফের ওপর দিয়ে সীমানার বাইরে পঠানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি। সামনে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এই ক্যাচটি ধরেন বদলি খেলোয়াড় প্রজ্ঞান ওঝা। মুশফিক তার টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকে পৌঁছান ১১২ বলে, ১৭টি চার ও একটি ছক্কার সাহায্যে। এরপর আর দু'বল খেলেই সাজঘরে ফেরেন তিনি। হার দীর্ঘায়িত করতে না পারলেও শতকে পৌঁছানোর পথে মুশফিককে ভালোই সঙ্গ দেন মাহমুদুল্লাহ রিয়াদ (২০), সাহাদাত হোসেন (২৪), এই টেস্টে অভিষেক হওয়া শফিউল ইসলাম (৮) ও রুবেল হোসেন (৪*)। ভারতের বোলারদের মধ্যে অমিত ৯২ রানে চার উইকেট নেন। তিন উইকেট নেন ইশান্ত শর্মা, ৪৮ রানে। এছাড়া জহির খান নেন দুই উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন শচীন টেন্ডুলকার। চট্টগ্রাম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ভারত ১-০ তে এগিয়ে গেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১৪ ঘ.