চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুরুটা ভালো হলেও সাহাদাত হোসেন ও সাকিব আল হাসানের মারাত্মক বোলিংয়ের সুবাদে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের প্রথম সেশন ভারতের হলেও দ্বিতীয় সেশন অবশ্যই বাংলাদেশের, তুলে নিয়েছে ছয় উইকেট। চা বিরতি পর্যন্ত ভারতের রান দাঁড়িয়েছে ১৬০।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ে পাঠান ভারতকে। কিন্তু প্রথম সেশনে কোনো সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। টেস্টের হিসেবে বলতে গেলে অত্যন্ত আক্রমণাত্মকভঙ্গীতে ব্যাট করেন উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক বীরেন্দ্র শেবাগ। অপর উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর দেখে-শুনে খেললেও শেবাগ রীতিমতো চড়াও হন বোলারদের ওপর। ব্যাট করেন ওয়ানডের মতো। ৫১ বলে ৫২ রান করে দলীয় ৭৯ রানের মাথায় সাকিবের বলে তামিম ইকবালের হাতে ধরা পড়েন তিনি। সাকিবের সামান্য শর্ট বলে হাল্কা পুশ করলে বলটি উঠে যায়। শর্ট এক্সট্রা-কাভারে ক্যাচটি ধরতে তামিমের কোনো অসুবিধা হয়নি।
দলের রানের সঙ্গে ৭ যোগ হতেই আরো দুই ব্যাটসম্যান ফিরে গেলে বিপদে পড়ে ভারত। ৭৯ রানের মাথায় সাহাদাত হোসেনের বলে ২৩ রান করে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন গৌতম গম্ভীর। এরপরই ৪ রান করে ৮৫ রানের মাথায় ফিরে যান 'দ্য ওয়াল' নামে পরিচিত রাহুল দ্রাবিড়। সাহাদাত হোসেনের ফুলার লেঙথের বল অন সাইডে খেলার চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যাটকে ফাঁকি দিয়ে বল তার স্ট্যাম্প ভেঙে দেয়।
দলের রানের সঙ্গে ২২ যুক্ত হতেই ভিভিএস লক্ষ্মণ (৭) স্ট্যাম্পড হলে একেবারে খাদে পড়ে যায় ভারত। তখন ভারতের রান ছিল ১০৭। সাকিবের বল বুঝতে না পেরে পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে যান লক্ষণ। বাকি কাজটা করেন মুশফিক। ১৪৯ রানে যুবরাজ সিং (১২) ও ১৫০ রানে দিনেশ কার্তিক রানের খাতা খোলার আগেই বিদায় নিলে খাদে আটকা পড়ে ভারত।
এখন দলকে খাদ থেকে টেনে তোলার চেষ্টা করছেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার (৫০) ও অমিত মিশ্র (৫)।
বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব ও সাহাদাত হোসেন তিনটি করে উইকেট নেন।
মেরুদন্ডে ব্যাথার কারণে মহেন্দ্র সিং ধোনি খেলছেন না বলে দলের নেতৃত্ব দিচ্ছেন শেবাগ।
খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়।
ভারতীয় দলে শেষ মুহূর্তে পরিবর্তন এসেছে একটি। গলায় চোট পাওয়ায় খেলছেন না হরভজন সিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২০ ঘ.
bdnews24