ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচের প্রথমদিন বৃহস্পতিবার সিলেটের বিপক্ষে জহুরুলের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০০ রান করেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। অন্য ম্যাচে চট্টগ্রামের ২০০ রানের জবাবে ৩ উইকেটে ৭৩ রান করেছে বরিশাল। আরেকটি ম্যাচে খুলনা বিভাগের ১৩২ রানের জবাবে ৭৭ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে ঢাকা বিভাগ।
রাজশাহী স্টেডিয়ামে ঢাকার দুই পেসার তালহা জোবায়ের ৪টি, মোহাম্মদ শরিফ ২টি এবং বাঁ-হাতি স্পিনার মোশারাফ হোসেন ২ উইকেট নিলে খুলনা অল-আউট হয়ে যায় মাত্র ১৩২ রানে। দলের পক্ষে মোহাম্মদ আসলাম আলী ২২, নাজিমুদ্দিন অপরাজিত ২২ ও জিয়াউর রহমান ২০ রান করেন।
জবাব দিতে নেমে খুলনার তিন পেসারের বোলিং তোপে বিপদে পড়ে ঢাকাও। রবিউল ইসলাম ৪টি, জিয়াউর রহমান ও ডলার মাহমুদ ২টি করে উইকেট নিয়ে ধস নামান ঢাকার ইনিংসে। ৮ উইকেটে ৭৭ রানে প্রথমদিনের খেলা শেষ করে ঢাকা।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে চট্টগ্রাম সব উইকেট হারিয়ে ২০০ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন ফয়সাল হোসেন ডিকেন্স। এছাড়া আরমান হোসেন ২৭ ও গাজী সালাউদ্দিন করেন ২০। বরিশালের আরাফাত সালাউদ্দিন ও মনির হোসেন ৩টি করে উইকেট নেন।
জবাবে ৩ উইকেট ৭৩ রান করে বরিশাল। আসিফ আহমেদ ২৮ ও শাহিন হোসেন ২২ রানে অপরাজিত আছেন।
ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিলেটের বোলারদের রীতিমতো চাপের মধ্যে রেখেছেন রাজশাহীর ব্যাটসম্যানরা। জহুরুলের ১৩৯, খালেদ মাসুদের ৫৬ ও ফরহাদ হোসেনের ৫৩ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০০ রান করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। উইকেটে আছেন নাঈম ইসলাম ১০ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটসম্যান নাসির হোসেন করেছেন ২২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১২৪ ঘ.
bdnews24