ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিনটি হারের পর শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় আশা করছে বাংলাদেশ। ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা রোববার রাতে উবে গেলেও যে কোন মূল্যে ম্যাচ জয়ের চেষ্টা করবেন বলে জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেটারদের মনোবল বাড়াতেই এই জয়ের প্রয়োজন।
বাংলাদেশ অধিনায়ক বলেন, 'টস জিতে আগে ফিল্ডিং করলে আমাদের জেতার সম্ভাবনা থাকবে। দুই-একজন ব্যাটসম্যান বড় স্কোর করলে কাজটি সহজ হবে।'
যোগ বিয়োগের এত সব হিসেব না মিললেও দলের পারফরমেন্স আগের তিন ম্যাচের চেয়ে যাতে খারাপ না হয়, সেদিকেই নজর থাকবে বাংলাদেশের ক্রিকেটারদের। সাকিব বলেন, 'এই সিরিজে আমরা ভাল ক্রিকেট খেলেছি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব জায়গায় এখনও অনেক উন্নতির সুযোগ আছে। আমরা সবাই চেষ্টা করবো নিজের নিজের সেরা খেলা উপহার দিতে।'
ভারত বধের পরিকল্পনা করলেও বাংলাদেশের রণকৌশলে খুব একটা পরিবর্তনের ছোঁয়া থাকবে না বলেই রোববার অনুশীলন শেষে জানিয়েছেন সাকিব। বোলিংয়ে একটি মাত্র পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। কোচ জেমি সিডন্স এবং অধিনায়ক কিছুটা ঝুঁকি নিতে চান পেসার সাহাদাত হোসেনকে একাদশে নিয়ে। তিন সিমার মাঠে নামালে একজন স্পিনার, আব্দুর রাজ্জাক আথবা নাঈম ইমলামকে হতে হবে দ্বাদশ ক্রিকেটার। আর দুই সিমার খেলালে রুবেল হোসেন বা সৈয়দ রাসেলের ভাগ্য পুড়বে।
অন্যদিকে ভারতও মরিয়া হয়ে থাকবে শেষ ম্যাচ জিতে ফাইনালের জন্য ফুড়ফুড়ে মেজাজে থাকতে। কোনোভাবেই বাংলাদেশকে জয়ের সুযোগ দেবে না এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা দলটি। বীরেন্দর শেবাগ যেমন রানে ফিরতে চেষ্টা করবেন, তেমনি মহেন্দ্র সিং ধোনিদেরও লক্ষ্য থাকবে ধারাবাহিকতা ধরে রাখা। আর ভারত টস জিতলে তো কথাই নেই। স্বাগতিকদের রানের পাহাড়ের নিচে চাপা দিতে মরিয়া হয়ে উঠবে তারা। তাই ম্যাচ জিততে চাইলে বাংলাদেশকে প্রতিপক্ষ ভারতের চাপ অবশ্যই সামাল দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯২০ ঘ.
bdnews24