২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের ৩০ রানের আক্ষেপ

টানা তিন ম্যাচ হারলেও ত্রিদেশীয় সিরিজে দলের উন্নতিই দেখছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 05:21 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিন ম্যাচ হারলেও ত্রিদেশীয় সিরিজে দলের উন্নতিই দেখছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি মনে করিয়ে দিয়েছেন, এই প্রথম প্রতিষ্ঠিত দলের বিপক্ষে টানা তিন ম্যাচে ২৫০ এর কোটায় রান তুলতে পেরেছে বাংলাদেশ। তবে ফিরতি ম্যাচে ৩০ রান কম হওয়াতেই শ্রীলঙ্কার কাছে তারা হেরেছেন বলে দাবি করেন অধিনায়ক সাকিব,'ব্যাটিং পাওয়ার প্লেতে বেশ কয়েকটি উইকেট হারানোয় ৩০ রান কম হয়েছে। ২৮০ রান হলে ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারতো।' ২৫০ রানের লক্ষ্য মোটেই যে কঠিন ছিল না শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এবং উপুল থারাঙ্গা বাংলাদেশী বোলারদের নাকাল করে তা প্রমাণ করে দিয়েছেন। এরপরও সাকিবের ৩০ রানের আক্ষেপ। অথচ দলের ব্যর্থ বোলিং নিয়ে প্রথমে মন্তব্য করার আগ্রহ না দেখালেও খানিক বাদেই বললেন, 'উইকেটের বাইরে বোলিং হয়েছে বেশি।' টানা পরাজয়েও ক্রিকেটাররা মনোবল হারাননি, সেটাই গুরুত্ব পাচ্ছে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের বিশ্বসেরা এই অলরাউন্ডারের কাছে,'দলের কোনো ক্রিকেটারই কিন্তু মানসিকভাবে ভেঙ্গে পড়েনি। এ থেকেই বোঝা যায় আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি।' অবশ্য বোলার এবং দলনেতা মাশরাফির অভাব বেশ অনুভূত হচ্ছে বাংলাদেশ অধিনায়কের কাছে। সাকিবের মতে,'মাশরাফি ভাই থাকলে দল চাঙ্গা থাকতো। তিনি খুবই ভালো একজন নেতা। বোলিংও হয়তো ভালো হতো। তবে দলের ফলাফলে তেমন হেরফের হতো বলে মনে হয় না।' আগের মতো শিশির নিয়ে বাড়তি কিছুই বলার আগ্রহ দেখালেন না ২২ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে শিশির যে যথেষ্টই ভুগিয়েছে বাংলাদেকে মাহেলা জয়াবর্ধনের কথাতেই তা স্পষ্ট,'বাংলাদেশের বোলারদের নিয়ে আমি তেমন কিছুই বলতে চাই না। দ্বিতীয় ইনিংসে বোলারদের অনেক কষ্ট করতে হয়। ভেজা চুপ চুপে বল গ্রিপ করা খুবই কঠিন। এ অবস্থায় বলের গতি, লাইন-লেংথ ঠিক রেখে রান ঠেকানো সম্ভব নয়। রুবেল চেষ্টা করছে ভালো করতে। অন্যদিকে সৈয়দ রাসেল অভিজ্ঞ বোলার। শিশির সমস্যা না করলে তারাই হয়তো উইকেট তুলে নিতো।' চোট সারিয়ে দলে ফিরেই ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি হাঁকিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। দিলশানের অনুপস্থিতিতে ওপেন করতে নেমেই এই সাফল্য। মাহেলা এর ব্যাখ্যা দেন এভাবে,'শুরু থেকেই আমি ও থারাঙ্গা চেষ্টা করেছি ধীরে ধীরে এগিয়ে যেতে। যেহেতু বোলিংয়ে তেমন কিছু ছিল না তাই কাজটি সহজ হয়েছে।' টানা তিন ম্যাচ জিতে আইডিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশ টানা হেরে টুর্নামেন্ট থেকে বলতে গেলে ছিটকেই পড়েছে। কেবল ভারত বড় ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হারলে এবং বাংলাদেশ ভারতকে ফিরতি ম্যাচে বড় ব্যবধানে হারাতে পারলে অনেক যোগ বিয়োগের পর ফাইনালের স্বপ্ন দেখতে পারেন সাকিবরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩১৮ ঘ.