২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির সেঞ্চুরিতে ভারতের সহজ জয়

বাংলাদেশের বিপক্ষে শেষ পর্যন্ত সহজেই ৬ উইকেটে জয় তুলে নিলো ভারত। মহেন্দ্র সিং ধোনির অপরাজিত সেঞ্চুরির সুবাদে ২৯৭ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা ৪৭.৩ ওভারে, চার উইকেট হারিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 01:15 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিপক্ষে শেষ পর্যন্ত সহজেই ৬ উইকেটে জয় তুলে নিলো ভারত। মহেন্দ্র সিং ধোনির অপরাজিত সেঞ্চুরির সুবাদে ২৯৭ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা ৪৭.৩ ওভারে, চার উইকেট হারিয়ে। এর আগে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের হাফ-সেঞ্চরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ২৯৬ রান করে ৬ উইকেটে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় আইডিয়া কাপের তৃতীয় খেলায় বৃহস্পতিবার জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন বীরেন্দর শেবাগ। কিন্তু দলীয় ২৮ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন তিনি (৭ বলে ১৩ রান)। তারপরও রানের চাকা থামেনি, ঘুরছিলই। ৪৯ রানের মাথায় গৌতম গম্ভীর রুবেল হোসেনের বলে বোল্ড হলে বিপদে পড়ে ভারত। দলের রানের সঙ্গে মাত্র ২ রান যোগ হতেই সৈয়দ রাসেলের বলে বোল্ড হন যুবরাজ সিং (১)। সেই সঙ্গে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় ভারত। সে সময় জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। এ অবস্থায় হাল ধরে সেই সুবাস শুধু দূরই করেননি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি, দলকে ফিরিয়ে আনেন জয়ের পথে। দলের রানের সঙ্গে ১৫২ যোগ করেন তারা। ২০৩ রানের মাথায় অধিনায়ক সাকিব আল হাসানের বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে ৯১ রান করেন বিরাট কোহলি। তিনি তার ইনিংসটি সাজান সাতটি চার দিয়ে। কিন্তু থামেননি ধোনি, ব্যাট করে যেতে থাকেন। শেষ পর্যন্ত হার না মানা ১০১ করে দলকে জয় উপহার দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তার ১০৭ বলের ইনিংসে ৯টি চার রয়েছে। এছাড়া অপরাজিত হাফ-সেঞ্চুরি (৫১) করে জয়ের পথ সুগম করেন সুরেশ রাইনা। ৪৩ বল খেলে পাঁচটি চার ও একটি ছক্কা মারেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন সৈয়দ রাসেল, রুবেল হোসেন ও অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। অধিনায়কের এই সিদ্ধান্তের যেন যথার্থতা প্রমাণ করার দায়িত্ব নেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। শুরুতেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন তিনি। উদ্বোধনী বোলার আশীষ নেহরা ও শ্রীশান্ত কোনো সুবিধাই করতে পারেননি। প্রথম তিন ওভারে নেহরা রান দেন ২৩। শ্রীশান্ত ১৪ রান দিলেও বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙতে পারেননি। ফলে বাধ্য হয়েই ধোনি সপ্তম ওভারেই স্পিনার হরভজন সিংয়ের হাতে বল তুলে দেন। যদিও শেষ পর্যন্ত তামিম ইকবালের উইকেটটি নেন শ্রীশান্তই। দলীয় ৮০ রানের মাথায় পুল করতে গিয়ে তামিম সহজ ক্যাচ দেন গৌতম গম্ভীরের হাতে। ৪২ বল খেলে ১০টি চার ও একটি ছক্কার সাহায্যে ৬০ রান করেন তিনি। তামিম তার ক্যারিয়ারের ১২ তম ফিফটিতে পৌঁছান মাত্র ৩৩ বলে। তামিম বিদায়ের পরও বাংলাদেশের রানের চাকা সচল রাখেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস। ধীরে-সুস্থে খেলে দলের রানের সঙ্গে ৬৮ যোগ করেন দু'জনে। ১৪৮ রানের মাথায় ২৯ রানে রবীন্দ্র জাদেজার বলে সরাসরি বোল্ড হন আশরাফুল। এতক্ষণ বড় স্কোরের স্বপ্ন দেখলেও ১৫৬ রানের মাথায় অধিনায়ক সাকিব আল হাসান (০) দুর্ভগ্যজনক রান-আউট ও ১৮৮ রানে ইমরুল কায়েস (৭০) নেহরার বলে বিরাট কোহলির হাতে ধরা পড়লে সেই স্বপ্ন খানিকটা ফিকে হয়ে যায়। এক শ' বল খেলে পাঁচটি চার ও একটি ছক্কা মারেন ইমরুল। তিনি তার ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরিতে পৌঁছান ৮০ বলে। ২০৬ রানের মাথায় মুশফিকুর রহিম ৬ রান করে যুবরাজ সিংয়ের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়লে বড় স্কোরের স্বপ্ন আরো ফিকে হয়ে যায়। ২৩৮ রানে রকিবুল হাসান ৩২ করে হরভজন সিংয়ের বলে বোল্ড হলে বড় স্কোরের দিকে এগিয়ে যাওয়ার পথ কিছুটা কঠিন হয়ে পড়ে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের মনে ছিল অন্য ভাবনা। মাঠে নেমেই ঝড় তোলেন তিনি। আবারো বড় স্কোরের পথে ফিরিয়ে আনেন বাংলাদেশকে। মাত্র ৪৫ বলে অপরাজিত ৬০ রান করলে বড় স্কোরেরই দেখা পায় বাংলাদেশ। রিয়াদকে যথাযথ সঙ্গ দেন নাইম ইসলাম। ১৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ভারত অধিনায়ক ঘুরিয়ে ফিরিয়ে সাত বোলার ব্যবহার করেন। একটি করে উইকেট নেন নেহরা, শ্রীশান্ত, হরভজন সিং, যুবরাজ সিং ও রবীন্দ্র জাদেজা। কিন্তু ম্যাচ শেষে ২৯৬ রানকে আর বড় স্কোর মনে হলো না। ভারতীয় ব্যাটসম্যানরা প্রমাণ করলেন এই রান তাদের জন্য খুবই অপ্রতুল। ম্যাচ সেরার পুরস্কার দেয়ার জন্য মোটেই ভাবতে হয়নি সংশ্লিষ্টদের। নিশ্চিতভাবেই তারা বেছে নেন ধোনিকে। ভারতের বিপক্ষে এই ২৯৬ রানই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৮ সালে করাচিতে ৬ উইকেটে ২৮৩ রান করেছিল বাংলাদেশ। বাংলাদেশ দলে পরিবর্তন আনা হয় একটি। পেসার শফিউল ইসলামের জায়গায় খেলেন সৈয়দ রাসেল। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় শফিউলের। উইকেট পান একটি, অধিনায়ক কুমার সাঙ্গাকারার। তবে ভারত মাঠে নামায় আগের ম্যাচের দলটিকেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১০০ ঘ.