২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে হারিয়ে টিকে থাকতে চায় বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে বৃহস্পতিবার ভারতকে হারাতেই হবে। বাংলাদেশের প্রত্যাশাও তাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 01:53 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে বৃহস্পতিবার ভারতকে হারাতেই হবে। বাংলাদেশের প্রত্যাশাও তাই। জয়ের সম্ভাবনা আছে বলেই মনে করেন ক্রিকেটাররা। অন্যদিকে ভারতের জন্যও এটা একরকম অস্তিত্ব রক্ষার ম্যাচ। যে কোনো মূল্যে তারাও চায় জিততে। ভারতকে হারাতে হলে যে সেরা খেলাটা খেলতে হবে তা ভালো করেই জানা স্বাগতিক ক্রিকেটারদের। সেভাবে রণকৌশলও ঠিক করা হয়েছে বলে জানান মুশফিকুর রহিম, বাংলাদেশ দলের সহ-অধিনায়ক অধিনায়ক মনে করেন,' আগে ব্যাট করলে ২৮০ থেকে ৩০০ স্কোর করতে হবে। আর ফিল্ডিং পেলে ভারতকে আটকে দিতে হবে ২৭০ রানের মধ্যে। আমাদের সে সামর্থ আছে।' কিন্তু মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিন-রাতের ম্যাচের রণকৌশলের সঙ্গে টসটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাতের শিশিরের হাত থেকে রেহাই পেতে টসজয়ী দল আগে ফিল্ডিং নেবে তাতে কোনো সন্দেহ নেই। মুশফিকুর রহিম অবশ্য মনে করিয়ে দিলেন প্রতিকূলতার মুখে যে ক্রিকেটারদের ভেঙ্গে পড়তে নেই সে কথা,'বৈরি আবহাওয়াতেও লড়াইয়ের মানসিকতা রাখতে হবে ক্রিকেটারদের। খেলতে হবে জয়ের জন্য।' শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ব্যাট করেও জিততে পারেনি বাংলাদেশ। বিশেষ করে স্পিনের সুখ্যাতি থাকলেও আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ এবং নাঈম ইসলাম নামের প্রতি সুবিচার করতে পারেননি শিশিরের কারণে। এবার স্পিনাররা আস্থার মর্যাদা রাখবেন এমনটিই আশা বাংলাদেশ অধিনায়কের। ভারতের বিপক্ষে একাদশেও পরিবর্তন আনা হয়েছে। গত ম্যাচেই অভিষিক্ত পেসার শফিউল ইসলামকে বিশ্রাম দিয়ে দলে নেয়া হয়েছে অভিজ্ঞ সৈয়দ রাসেলকে। দেশের পেসারদের মধ্যে নিয়ন্ত্রিত বোলিংয়ের সুনাম আছে তার। তাই রুবেল হোসেনের সঙ্গে সৈয়দ রাসেল ভালো করবেন বলেই মনে করেন মুশফিকুর রাহিম। ভারতীয় দল সম্পর্কে কিছুই জানানো হয়নি। আগের দিনের ম্যাচের ক্লান্তি কাটাতে বুধবার বিশ্রামে ছিল ধোনির দল। কেউ কেউ হোটেলের সুইমিং পুলে সাঁতার কেটেছেন। এ পর্যন্ত ভারতের বিপক্ষে ২০টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র দুটিতে, হেরেছে ১৭টিতে ,বাকি ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯৪৮ ঘ.