সিডনি, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের হাত ফস্কে বেরিয়ে গেছে দ্বিতীয় টেস্ট, বলতে গেলে অপ্রত্যাশিত এক জয়ই তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ৩৬ রানের এই হারের দায়-দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। ম্যাচ শেষে তিনি বলেন, চতুর্থ দিন বিকেলে তার আউটেই ম্যাচের মোড় ঘুরে গেছে অস্ট্রেলিয়ার দিকে।
৮ উইকেটে ২৮৬ রান নিয়ে বুধবার দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। শেষ ২ উইকেট হাতে নিয়ে তখন মাত্র ৮০ রানে এগিয়ে ছিল তারা। কিন্তু সেই অবস্থা থেকেই পাকিস্তানকে হতাশায় ডুবিয়ে আরো ৯৫ রান যোগ করে ফেলে অস্ট্রেলিয়া। ফলে জেতার জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৭৬। হরিজ, জনসন, বোলিঞ্জারের বোলিংয়ে এই স্কোরের সামনেও মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। ১৩৯ রানে অলআউট হয়ে ম্যাচ হেরে যায় ৩৬ রানে।
পাকিস্তানের জন্য এমন ঘটনা অবশ্য নতুন নয়। গত বছর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডেও ছোট জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভেঙ্গে পড়েছিল ক্রিকেটবিশ্বে 'আনপ্রেডিক্টেবল' দল হিসেবে পরিচিত পাকিস্তান। এবারও ঘটেছে একই ঘটনা। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে তাদের উইকেট পড়েছে খুব অল্প ব্যবধানে একই সঙ্গে কমপক্ষে দু'টি করে (৫০/২, ৫১/৩, ৭৭/৪,৭৭/৫, ১৩৩/৭, ১৩৩/৮, ১৩৫/৯ ও ১৩৯/১০)।
নিজের বলে দর্শনীয় ক্যাচ ধরে মোহাম্মদ ইউসফকে আউট করেন নাথান হরিটজ। বলতে গেলে সেটি ছিল একটি হাফ-চান্স। কিন্তু ইউসুফ তার আউট হওয়ার জন্য দায়ী করেছেন 'বাজে' শটকে, ' আমার শটটি ছিল খুবই বাজে এবং এটিই খেলার মোড় ঘুরিয়ে দেয়। নইলে, সহজে না হলেও ম্যাচটি নিশ্চয়ই জিততে পারতাম। (পরাজয়ের জন্য) আমি আমাকেই দায়ী করছি।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯৩০ ঘ.
bdnews24