ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সামারাবীরার অপরাজিত সেঞ্চুরির (১০৫) সুবাদে সহজেই ভারতের বিপক্ষে ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ২৮০ রানের কাঙ্খিত লক্ষ্য টপকে ২৮৩ রানে পৌঁছে যায় তারা ৫ উইকেটে। তখনও হাতে ছিল দুই ওভার। এর আগে যুবরাজ সিংয়ের হাফ-সেঞ্চুরির ওপর ভর করে বড় স্কোর গড়ে তোলার দিকে ভারত এগিয়ে গেলেও চানাকা ওলেগেদারা ৫ উইকেট নিয়ে খেলায় ফিরিয়ে আনেন শ্রীলঙ্কাকে। নির্ধারিত ৫০ ওভারে ভারত রান তোলে ৯ উইকেটে ২৭৯।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন দেশের আইডিয়া কাপ সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও লাহিরু থিরিমানে শুরুতেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন। জহির খানের তিন ওভারেই রান তোলেন তারা ২৭। ফলে আক্রমণ থেকে তাকে সরিয়ে নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বল তুলে দেন শ্রীশান্তের হাতে। সফলতাও আসে তার হাত ধরে। দলীয় ৪৮ রানের মাথায় ফিরিয়ে দেন তিনি থিরিমানেকে। গৌতম গম্ভীরের হাতে ধরা পড়ার আগে থিরিমানে করেন ২৪ বলে ২২ রান।
দলের রানের সঙ্গে আর ২৯ রান যোগ হতেই হরভজন সিংয়ের বলে কট অ্যান্ড বোল্ড হন থারাঙ্গা। ৪৮ বলে ৩০ রান করেন তিনি। এরপর থেকেই হিসেব করে ব্যাট করতে থাকেন সাঙ্গাকারা ও সামারাবীরা। দু'জনে মিলে দলের রানের সঙ্গে ১২২ যোগ করে ১৯৯ রানের মাথায় অধিনায়ক কুমার সাঙ্গাকারা হরভজন সিংয়ের বলে সুরেশ রাইনার হাতে ধরা পড়েন। ৮০ বল খেলে ৬০ রান করেন তিনি। চার মেরেছেন চারটি।
থিলানা কানদাম্বি (৮) ২১৭ ও সুরাঙ্গা রনদ্বিপ (৪) ২২৬ রানের মাথায় ফিরে গেলেও থেমে থাকেননি সামারাবীরা। সচল রাখেন রানের চাকা। শেষ পর্যন্ত ১০৫ রান করে দলকে জয় উপহার দিয়ে ফেরেন তিনি সাজঘরে। তার ১০৬ বলের হার না মানা ইনিংসে রয়েছে ১১টি চার। এটি ছিল একদিনের ম্যাচে সামারাবীরার দ্বিতীয় সেঞ্চুরি। এছাড়া জয়ের পথ সুগম করেন থিশারা পেরেরা, ১৫ বলে অপরাজিত ৩৬ রান করে।
ভারতের সব চেয়ে সফল বোলার হরভজন সিং ৩ উইকেট নেন ৪৭ রানে। এছাড়া একটি উইকেট পান শ্রীশান্ত।
এর আগে টস জিতে সাঙ্গাকারা ফিল্ডিং নেন। প্রথম দশ ওভারেই জমে ওঠে খেলা। উইকেট যেমন পড়েছে, তেমনি রানও উঠেছে বীরেন্দর শেবাগ নামের ঝড়ে। কিন্তু শেবাগের ফিরে যাওয়ার পর রান তোলার গতি কমে আসে অনেকটা।
তৃতীয় ওভারের শেষ বলে ১৪ রানের মাথায় ওলেগেদারার বলে সরাসরি বোল্ড হন গৌতম গম্ভীর (৮)। কিন্তু রানের চাকা থামেনি। ঘুরতেই থাকে শেবাগ-ঝড়ে। মাত্র ৬.৫ ওভারে ভারত পৌঁছে যায় ৬২ রানে। বিরাট কোহলি ৯ রান করে ওলেগেদারার বলে উইকেটের পেছনে অধিনায়ক সাঙ্গাকারার হাতে ধরা পড়লেও থামেনি শেবাগ-ঝড়। শেষ পর্যন্ত সেই ঝড়ও থামান ওই ওলেগেদারাই। দলীয় ৭১ রানের মাথায় শেবাগ ধরা পড়েন এই ম্যাচে অভিষেক হওয়া থিরিমানে-এর হাতে। ৩১ বল খেলে ৯টি চারের সাহায্যে ৪৭ রান করেন তিনি।
এরপর হাল ধরেন মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিং। ধীরে-সুস্থে খেলে দলের রানের সঙ্গে যুক্ত করেন তারা ৯৩। সেই সঙ্গে ইঙ্গিত দেন বড় স্কোর গড়ে তোলার। ১৭০ রানের মাথায় পেরেরার বলে উইকেটের পেছনে ধরা পড়ার আগে ধোনি করেন ৭০ বলে ৩৭।
এরপর ১৯৮ রানের মাথায় যুবরাজ সিং ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ৭৪ রান করে পেরেরার বলে কট অ্যান্ড বোল্ড হন। তারপরও বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন সুরেশ রাইনা ও রবীন্দ্র জাদেজা। কিন্তু ২৬৩ রানের মাথায় ওলেগেদারার বলে রাইনার (৩৫) বোল্ড হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ২৬৪ রানে হরভজন সিং (১), ২৬৮ রানে জহির খান (২) ও ২৭৫ রানের মাথায় রবীন্দ্র জাদেজা (৩৯) বিদায় নেন। আশিষ নেহরা ৪ ও শ্রীশান্ত ১ রানে অপরাজিত ছিলেন।
শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার ওলেগেদারা ৫ উইকেট নেন ৬৬ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন থিলান থুশারা ও পেরেরা।
ম্যাচ সেরার পুরস্কার পান সামারাবীরা।
শ্রীলঙ্কা দলে পরিবর্তন আনা হয়েছিল দু'টি। লাহিরু থিরিমানে খেলছেন তিলকরতে
bdnews24