ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটির পর জাতীয় ক্রিকেট দলের প্রশিক্ষনেও গুরুত্ব পাচ্ছে ফিটনেসের বিষয়টি। শুক্রবার ঈদের পর প্রথম দিন বলে একটু হালকা অনুশীলনই হয়েছে। কিন্তু দিন কয়েক বাদে এর মাত্রা যে দ্বিগুণ হবে সে ব্যাপারটি নিশ্চিত করেছেন কোচ জেমি সিডন্স। বললেন, "ক্রিকেটাররা এখন ম্যাচ খেলার অবস্থায় নেই। কঠোর পরিশ্রম করতে হবে তাদের। হাতে যথেষ্ট সময় আছে, তাই কাজটি মোটেও কঠিন হবে না।"
১৯ সেপ্টেম্বর ঈদের ছুটিতে যাওয়ার আগে এক সপ্তাহেরও বেশি সময় অনুশীলন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। যদিও রোজার কারণে প্রথম অধ্যায়ের পুরো সময় ধরে ফিটনেস প্রশিক্ষণ হয়েছে একটু হালকা মেজাজে। কোচ জেমি সিডন্সও তখন ছিলেন না। তাই ছুটি শেষে দায়িত্ব নিয়ে ফিটনেস নিয়েই ভাবতে হচ্ছে বাংলাদেশ দলের প্রধান কোচকে। তাই বলে খেলোয়াড়দের ফিটনেস সমস্যা দেখলেও সহকারী কোচ খালেদ মাহমুদ সুজন কিম্বা অন্য সহযোগীদের কাজ নিয়ে প্রশ্ন তোলেননি। বরং কিছু বিষয়ে প্রশংসাই করেছেন তাদের,"আমার অনুপস্থিতিতে কোচিং স্টাফরা ভালোই দায়িত্ব পালন করেছেন। মাঝে ছুটি না থাকলে হয়তো ফিটনেস নিয়ে ভাবতে হতো না।"
সমস্যা যা-ই থাক না এই প্রথম জাতীয় দলের ক্রিকেটারদের মানসিক অবস্থা নিয়ে ইতিবাচক কথা বলতে শোনা গেল সিডন্সকে। তিনি বলেন ,"ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েতে সাফল্যের পর মানসিক ভাবে অনেক ভালো অবস্থায় আছেন ক্রিকেটাররা। এতদিন এটারই অভাব ছিল।"
শুক্রবার শুধু ক্রিকেটাররাই নন, কোচ জেমি সিডন্সকেও ফুরফুরে মেজাজে দেখা গেছে। কারণটা সহজেই বোঝা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে। বোর্ডের এই সিদ্ধান্তের প্রসংশা করে সিডন্স জানিয়েছেন, এ মুহুর্তে ত্বকের ক্যান্সার সেরে যাওয়ায় তিনি নিজেও বেশ স্বস্তিতে আছেন।
শুক্রবারের অনুশীলনে ছিলেন ১২ জন। তার মধ্যে কুঁচকির ব্যথা পুরোপুরি সেরে না ওঠায় মাঠে নামেননি অল-রাউন্ডার সাকিব আল হাসান। যারা অনুশীলনে আসতে পারেননি তাদের মধ্যে সৈয়দ রাসেল জ্বর নিয়ে হাসপাতালে, মায়ের চিকিৎসা করাতে ভারতে গেছেন আব্দুর রাজ্জাক, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চিকিৎসকের পরামর্শে ওয়েট ট্রেনিং নিয়ে ব্যস্ত আর উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী আছেন ছুটিতে। এ ছাড়া পেসার ডলার মাহমুদ ও সাহাদাত হোসেন, উইকেট কিপার ব্যাটসম্যান সগির হোসেন পাভেল এবং উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস 'এ' দলের হয়ে শুক্রবার সকালে ভারত সফরে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯৩৫ ঘ.
bdnews24