জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ন্যানড্রোলন সেবনের অভিযোগে ভারতীয় প্রিমিয়ার লিগ, আইপিএল নিষিদ্ধ করলেও মঙ্গলবারই শেষ হয়ে গেছে তার নিষেধাজ্ঞার মেয়াদ। তাই পেসার মোহাম্মদ আসিফের বুধবার পাকিস্তানের হয়ে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে মাঠে নামার পথে আইনী কোনো বাধা নেই। কিন্তু তারপরও তাকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভূগছে টিম ম্যানেজমেন্ট। এক বছরেরও বেশি সময় ধরে যে মাঠের বাইরে তিনি!
এ মুহুর্তে পাকিস্তান দলের সঙ্গে জোহানেসবার্গেই রয়েছেন মোহাম্মদ আসিফ। তবে দলের সঙ্গে থাকলেও অনুশীলনে অংশ নেননি। অথচ ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ দুটোর জন্য প্রস্তুত করতে হলে এ ম্যাচে খেলানোই উচিত তাকে। পাকিস্তান কোচ ইন্তিখাব আলম যদিও বলছেন, 'আসিফের ফিরে আসা পাকিস্তান ক্রিকেটের জন্য নিঃসন্দেহে সুখবর' তারপরও ম্যাচ প্র্যাকটিসের অভাবের কথা ভেবে বুধবারও খেলাবেন কিনা এ ব্যাপারে সরাসরি কিছু বলেননি। বুধবারের ম্যাচের জন্য এখনো সেরা একাদশ ঠিক করেনি পাকিস্তান। চোটের জন্য এ ম্যাচ খেলতে পারছেন না অধিনায়ক ইউনিস খান। তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন শহীদ আফ্রিদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/ ২২১৪ ঘ.
bdnews24