ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্য মুম্বাই ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেই ফেললেন তার উদ্বেগের কথা। দুর্বল ফিল্ডিং-এর পাশাপাশি অ-ধারাবাহিক ও নির্বিষ বোলিং আক্রমণই তার দুঃশ্চিন্তার কারণ।
শ্রীলঙ্কায় কমপ্যাক কাপ জিতে আইসিসি র্যাংকিং-এ একদিনের জন্য ভারত শীর্ষস্থান দখল করেছিল। নটিংহ্যামে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট সিরিজে ৬-০ তে এগিয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া আবারও ফিরে পায় এক নম্বর স্থান। কিন্তু শীর্ষস্থান আবারও ফিরে পেতে চান ধোনি। সেজন্যই দলের ক্রিকেটারদের কাছ থেকে ধারাবাহিকভাবে ভালো খেলা আশা করছেন তিনি।
সে কথা চেপেও গেলেন না ধোনি, বলেই ফেললেন, "আমরা ভালোই খেলছি। কিন্তু প্রতিটি ম্যাচেই ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছি না।" দুর্বল বোলিং ও ফিল্ডিংকেই দলের সমস্যা চিহ্নিত করলেন। বললেন, একদিনের ম্যাচের মাঝামাঝি সময় ও শেষের দিকে বোলারদের আরও উন্নতি করতে হবে। আর সে সুযোগও রয়ে গেছে।
ভারত কমপ্যাক কাপ জিতেছে ঠিকই। তবে এই সাফল্য এসেছে শচীন টেন্ডুলকারের শতক ও হারভাজন সিং-এর পাঁচ উইকেটের ওপর ভর করে। কিন্তু ফিল্ডিং ছিল খুবই খারাপ। দু'টি সহজ ক্যাচ ফেলে দেন ফিল্ডাররা। নষ্ট করেন রান আউটের তিনটি সহজ সুযোগ। স্ট্যাম্পিং-এর একটি সুযোগও নষ্ট করেন ধোনি নিজে।
এ কথা স্বীকার করতে মোটেও দ্বিধা করলেন না ধোনি, "ফিল্ডিং-এর মান উন্নত করা একান্ত প্রয়োজন।" এখানেই থেমে যাননি, বলেই চলেন, "আমরা রান আউটের সুযোগ নষ্ট করেছি। কয়েকটি ক্যাচ ফেলে দিয়েছি। যে কোনও ম্যাচে এর জন্য মূল্য দিতে হতে পারে।"
গ্রাউন্ড ফিল্ডিং নিয়েও সন্তুষ্ট নন ধোনি, বিশেষ করে বাউন্ডারি লাইনের ফিল্ডিং নিয়ে, "ফিল্ডারদের আরও আক্রমণাত্মক হতে হবে। বল ধরতে হবে তাড়া করে। বিপক্ষ দলকে বাড়তি রান করার সুযোগ দেওয়া যাবে না। আমরা যদি বিপক্ষ দলের মোট সংগ্রহ থেকে ২০ রান কমিয়ে আনতে পারি, তাহলে তা হবে একটা বড় ধরনের সাফল্য।"
গত দু'বছরে ছয়টি একদিনের সিরিজের সবগুলোই জিতেছে ভারত। তাই ধোনির এই উদ্বেগকে অনেকেই বাড়াবাড়ি বলে মনে করতেই পারেন। কিন্তু অতীতের সাফল্য নিয়ে সন্তুষ্টিতে ভুগতে চান না। তার এই মন্তব্য থেকে একথাই স্পষ্ট হয়ে ওঠে যে তিনি কথা বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে।
"আমরা রয়েছি কঠিন একটি গ্র"পে। তাই কোন সুযোগ দেওয়া যাবে না। ভালো খেলতে হবে শুরু থেকেই," বলেন ধোনি।
ভারতের গ্র"পে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ২২ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেও ভারত উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে ২৬ তারিখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৫২ ঘ.
bdnews24