ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ-জিম্বাবুয়ে আসন্ন একদিনের সিরিজের টাইটেল স্পন্সর হতে পারে গ্রামীণফোন। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ৪৩ লাখ ৫০ হাজার টাকা দিতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি। তারপরও টাইটেল স্পন্সর চূড়ান্ত করা হয়নি বলে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন।
মঙ্গলবার স্পন্সর বিডের শেষদিনে অংশ নেয় গ্রামীণফোন ও এক্সিউম টেকনোলজিস।
টাইটেল স্পন্সরের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছিল ৬০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ টাকা। গ্রামীণফোন তার চেয়ে প্রায় তিন হাজার ডলার বেশি দিতে রাজি হয়। বিসিসি নির্ধারিত ৬০ হাজার ডলার দিতে রাজি হয় এক্সিউম টেকনোলজিস।
এছাড়া ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরস্কারের টাকাও দেবে স্পন্সর। প্রচারাভিযানসহ সাজ-সজ্জার সার্বিক ব্যয় বহন করবে টাইটেল স্পন্সর।
বিড উন্মোচন করা হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবির সিনিয়র সহ-সভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববি।
এ বিষয়ে বুধবার বিসিবি মার্কেটিং কমিটি প্রধান আজিজ আল কায়সার টিটো বলেন, "টাইটেল স্পন্সরের জন্য যারা সবচেয়ে বেশি অর্থ দিতে রাজি, তাদের সঙ্গে আলোচনা করে টাকার অংক বাড়ানোর চেষ্টা করবো আগে। এতে সিসিবি লাভবান না হলে বিকল্প সিদ্ধান্তও নিতে পারি। অর্থাৎ আবারও দরপত্র আহবান করতে পারি। কিংবা তৃতীয় কোন পক্ষ এই দুই কোম্পানির চেয়ে বেশি টাকা দিতে রাজি আছে কি না, সে দিকটি খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০২৬ ঘ.
bdnews24