সিডনি, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - স্বাগতিক ইংল্যান্ডের কাছে ২-১ টেস্টে অ্যাশেজ সিরিজ হারে পর সমালোচনায় জর্জরিত হচ্ছিলেন রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। তবে সেই সমালোচনার জবাব দিচ্ছেন তারা একদিনের ম্যাচে ব্যাট-বলে। এরই মধ্যে সাত ম্যাচের সিরিজের পাঁচটিতেই জিতেছেন। এগিয়ে যাচ্ছেন হোয়াইটওয়াশের পথ ধরে। অস্ট্রেলিয়ার এই সাফল্যকে অ্যাশেজ হারের বদলা হিসেবেই দেখছেন সাবেক বিশ্বসেরা স্পিনারদের অন্যতম শেন ওয়ার্ন।
তিনি মনে করেন, ভুল দলই অ্যাশেজ জিতেছে।
"অস্ট্রেলিয়ার খেলা দেখতে দারুণ লাগছে। ইংল্যান্ড খুবই দুর্বল দল। আর অস্ট্রেলিয়া তাদের ঠিক জায়গাতেই আঘাত করা শুরু করেছে। অ্যাশেজ হেরে তারা বেশ কষ্ট পেয়েছিল। তাই তাদের ঘুরে দাঁড়াতে দেখে ভালো লাগছে। ভালো লাগছে তাদের ভালো খেলা দেখে," শেন ওয়ার্নের গলায় উচ্ছাস।
এখানেই থেমে যাননি, বলেই চলেন তিনি, একদিনের ক্রিকেটের ফলাফল একথাই স্পষ্ট দিয়েছে যে তার কথাই ঠিক ছিল। তিনি বলেছিলেন, অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়াই ফেভারিট।
"ইংল্যান্ডকে কোনদিক থেকেই আমাদের চেয়ে ভালো দল বলে মনে হয়নি" বলেন ওয়ার্ন। সেই সঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, আপনারা বলতে পারেন ইংল্যান্ড ভালো খেলেই জিতেছে।"
তিনি মনে করেন, অস্ট্রেলিয়া দল একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। তাই এরকম একটা ফলাফল মেনে নিতে হয়েছে। তবে ২০১০-১১ মৌসুমের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়াই যে জিতবে, সে ব্যাপারে ওয়ার্নের কোনও সন্দেহ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৭৫৬ ঘ.
bdnews24