ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকারী কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের টানা সাফল্য দেখেছেন খালেদ মাহমুদ সুজন। সেই সফরে ছিলেন প্রধান কোচ জেমি সিডন্সের ভারপ্রাপ্ত সহকারী হিসেবে। এবার পাকাপোক্ত দায়িত্ব পেতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র নির্বাহী কমিটির সভায় সোমবার এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সহকারী কোচ হিসেবে খালেদ মাহমুদের দায়িত্বের মেয়াদ এখনো ঠিক হয়নি। তার সঙ্গে আলোচনা করেই চুক্তির মেয়াদ ও বেতন ঠিক করা হবে।
জেমি সিডন্সের পর বোলিং কোচ চম্পকা রমানায়েকের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ২০১০ সালের ৩১ মার্চ পর্যন্ত দ্বিতীয় মেয়াদের চুক্তি হবে জাতীয় দলের শ্রীলংকান এই কোচের সঙ্গে। ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিষয়ে সিদ্ধান্ত হবে আসন্ন জিম্বাবুয়ে সফর শেষে। তবে কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদ জাতীয় দলের সঙ্গেই থাকছেন ২০১০ সালের জুন পর্যন্ত।
নির্বাহী কমিটির সভায় আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। বয়সভিত্তিক দলের দুই নির্বাচক এহসানুল হক ও সাজ্জাদ আহমেদের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী বছরের জুন পর্যন্ত।
অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করা হয়েছে মাহমুদুল হাসানকে। সহকারী অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অমিত মজুমদারকে। জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে গ্রামীণফোনকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী কমিটি। আগের চুক্তি অনুযায়ী গ্রামীণফোনের সঙ্গে জাতীয় দলের স্পন্সরের মেয়াদ শেষ হবে ৩১ অক্টোবর। তার আগেই ঢাকায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে একদিনের ক্রিকেট সিরিজ। সে কারণেই পুরো সিরিজে তাদেরকে রেখে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২২২০ ঘ
bdnews24