২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আবুধাবি, দুবাইতে নিউজিল্যান্ড-পাকিস্তান একদিনের সিরিজ

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকেও এবার পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজ খেলতে হবে সংযুক্ত আরব আমিরাতে। নিরাপত্তা পরিস্থিতি দিনকে দিন খারাপ হওয়ায় বিদেশি দলগুলো পাকিস্তানের মাটিতে খেলতে রাজি না হওয়ায় বিকল্প ভেন্যু হিসাবে আরব আমিরাতের আবুধাবি ও দুবাই শহরকেই বেছে নিতে হচ্ছে পাকিস্তানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 01:47 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

করাচি, সেপ্টেম্বর ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকেও এবার পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজ খেলতে হবে সংযুক্ত আরব আমিরাতে। নিরাপত্তা পরিস্থিতি দিনকে দিন খারাপ হওয়ায় বিদেশি দলগুলো পাকিস্তানের মাটিতে খেলতে রাজি না হওয়ায় বিকল্প ভেন্যু হিসাবে আরব আমিরাতের আবুধাবি ও দুবাই শহরকেই বেছে নিতে হচ্ছে পাকিস্তানকে। আগামী অক্টোবর- নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের একদিনের সিরিজটি আবুধাবি ও দুবাইতে অনুষ্ঠিত হবে বলে সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে। যদিও এখনও সিরিজের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হয়নি, তারপরও পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট জানান, চারটি একদিনের ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে এবং দুটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ হবে দুবাইয়ে। বাট সোমবার লাহোরে সাংবাদিকদের বলেন,"গত সপ্তাহে আমি সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে ফলদায়ক ও কার্যকর বৈঠক করেছি। আমরা এ সম্পর্কিত বৃত্তান্ত নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে অনুমোদনের জন্য পাঠাবো।" "যখনই আমরা নিউজিল্যান্ড বোর্ডের কাছ থেকে অনুমোদন পাব, তখনই চূড়ান্ত তারিখ ঘোষণা করব। তবে সিরিজ অক্টোবর-নভেম্বরের যে কোনও সময় হবে।" নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট ও একদিনের সিরিজ আগেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় তা স্থগিত রাখা হয়। আরব আমিরাতে একদিনের সিরিজটি শেষ হওয়ার পর মধ্য নভেম্বরে নিউজিল্যান্ডে হবে টেস্ট সিরিজ। চলতি বছরের শুরুর দিকে আরব আমিরাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান একদিনের সিরিজ খেলেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২০০৫ ঘ.