২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিপক্ষেই ফিরবেন মাশরাফি

পায়ে চটি জুতা, হাঁটুতে ব্যান্ডেজ নেই, সাজঘর থেকে বেরিয়ে ধীর পায়ে মাঝ মাঠের দিকে এগিয়ে গেলেন। মিশে গেলেন স্বতীর্থদের বৃত্তে। ট্রেনারের নির্দেশে অন্যরা ব্যস্ত হয়ে ওঠার আগেই ফিরতি পথ ধরলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 02:38 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ে চটি জুতা, হাঁটুতে ব্যান্ডেজ নেই, সাজঘর থেকে বেরিয়ে ধীর পায়ে মাঝ মাঠের দিকে এগিয়ে গেলেন। মিশে গেলেন স্বতীর্থদের বৃত্তে। ট্রেনারের নির্দেশে অন্যরা ব্যস্ত হয়ে ওঠার আগেই ফিরতি পথ ধরলেন। এ নিয়ে নেতাকে কেউ কোন প্রশ্ন করেননি। অন্যদের কিছু জানানোরও প্রয়োজন হয়নি। কারণ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাঁটুর সার্বিক অবস্থা তাদের সবারই জানা। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজেই মাঠে ফিরছেন জাতীয় দলের অধিনায়ক। মাশরাফি জানিয়েছেন, এমনও হতে পারে ২৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচই খেলবেন তিনি। নয়তো ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব বুঝে নেবেন। ১২ সপ্তাহ পার হলেই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন, ১০ আগস্ট দুই হাঁটুর অপারেশনের দিনই মাশরাফিকে জানিয়ে দিয়েছিলেন অস্ট্রেলীয় চিকিৎসক ডেভিড ইয়াং। এর আগেই শারীরিক অবস্থার উন্নতি হলে মাঠে নামতে কোন বাধা নেই বলে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। হয়তো সে ভরসাতেই জিম্বাবুয়ের বিপক্ষে তাকে অধিনায়ক হিসেবে বহাল রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অপারেশনের এক মাস পার হলেও হাঁটুতে এখনো ব্যাথা অনুভব করছেন মাশরাফি। শারীরিক উন্নতির জন্য আরও দুই সপ্তাহ সাইক্লিং করতে হবে। এরপর ওয়েট ট্রেনিং করে পায়ের স্বাভাবিক ক্ষমতা ফিরিয়ে আনার কথা রয়েছে। "জিম্বাবুয়ে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবো। চিকিৎসকের দেওয়া ১২ সপ্তাহ পার হয়ে যাবে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই। ওয়েট ট্রেনিং-এর পরই বুঝতে পারবো আরও আগে ফেরা সম্ভব কি না," বলেন মাশরাফি। এই মুহূর্তে চোটই মাশরাফির বড় প্রতিপক্ষ। সুস্থ থাকলে দীর্ঘ মেয়াদের জন্য তাকে অধিনায়ক করা হবে বলে বিসিবি আগেই জানিয়ে দিয়েছে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ওপর বিসিবি কর্মকর্তাদের যে ভরসা রয়েছে কোচ জেমি সিডন্সকে ২০১১ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেওয়া তারই প্রমাণ। পেশাদারিত্বে এমনটাই হওয়া উচিত বলে মনে করেন নড়াইল এক্সপ্রেস। বলেন, "ঘনঘন কোচ কিংবা অধিনায়ক পরিবর্তন করলে মানিয়ে নিতে সমস্যা হয়। সাফল্য পেতে চাইলে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিকে দীর্ঘ মেয়াদে কাজের সুযোগ দিতে হবে। জেমি সিডন্সকে দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব দেওয়ায় ভালই হয়েছে। একই পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারবে বাংলাদেশ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৫২ ঘ.