২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘায়িত করতে টোয়েন্টি-টোয়েন্টি ছাড়লেন পন্টিং

নিজের টেস্ট এবং একদিনের ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘায়িত করতে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 05:22 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

মেলবোর্ন, সেপ্টেম্বর ০৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---নিজের টেস্ট এবং একদিনের ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘায়িত করতে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। তবে টোয়েন্টি-টোয়েন্টির আন্তর্জাতিক ম্যাচ খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতীয় প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলের খেলা ঠিকই চালিয়ে যাবেন তিনি। ৩৪ বছরের পন্টিং সোমবার এক বিবৃতিতে বলেন,"বিস্তর চিন্তা ভাবনা এবং সতর্ক বিবেচনা করেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে আমি আমার টোয়েন্টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে নিজের অবসরের কথা জানিয়েছি।" "আমি এ নিয়ে প্রধান নির্বাচক এন্ড্রু হিলডিচ, কোচ টিম নিলসেন এবং সহ-অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গেও কথা বলেছি। আমি মনে করছি এ সিদ্ধান্ত আমার টেস্ট এবং একদিনের ক্রিকেট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার সুযোগ দেবে।" "লন্ডনে পঞ্চম টেস্ট শেষে আমি এ রকমটাই বলেছিলাম যে যত দিন সম্ভব টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চাই। আর সেটা খুব বেশি সম্ভব টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট ছেড়ে দেওয়ার মাধ্যমেই।" গেল মাসে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হারার পর পন্টিংয়ের অধিনায়কত্ব নিয়ে কানাঘুষা শুরু হয়ে যায়। তবে পন্টিং সাফ জানিয়ে দেন তিনিই দলের অধিনায়ক হিসাবে থেকে যাচ্ছেন। ১২০ বছরেরও বেশি সময়ের মধ্যে পন্টিং দ্বিতীয় কোনও অস্ট্রেলীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে দু'বার অ্যাশেজ হারের বদনাম কুড়িয়েছেন। অস্ট্রেলিয়া দলের টেস্ট ও একদিনের ক্রিকেটের অধিনায়ক রিকি আরও জানান যে, তিনি তাসমানিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট যেমন খেলে যাবেন, তেমনি চালাবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের খেলা। রিকি বলেন,"অস্ট্রেলীয় গ্রীষ্মকালটা আমি ছুটিতে থাকতেই মনস্থ করেছি। এতে আমার জন্য বেশ উপকারই হবে।" অ্যাশেজ হারের পরও পন্টিংকে অধিনায়ক হিসাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ক্রিকেট অস্ট্রেলিয়াও রিকির এ সিদ্ধান্তকে সমর্থন করছে বলে জানান এর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসকে/২৩২৬ঘ.