ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুক্তিপত্রে টাকার অঙ্কের স্পষ্ট উল্লেখ নেই। ক্লাব কর্মকর্তারাও পারিশ্রমিক নিয়ে গ্রহণযোগ্য কিছু না বলায় তামিম ইকবালের কথার ওপরই ভরসা রাখতে হলো। দু'দিন আগে তামিম জানিয়েছিলেন তাকে ১৮ লাখ টাকা দেবে মোহামেডান। তবে সোমবার চুক্তির আগে টাকার পরিমাণ বেড়ে দাঁড়ালো ২০ লাখ। এটাও তামিমেরই ভাষ্য।
সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করতে বলায় মোহামেডানের ক্রিকেট কমিটির সভাপতি লুতফর রহমানের জবাব ছিল , "টাকার অঙ্কটা না হয় গোপনই থাক। তবে জেনে রাখুন মৌসুমের সর্বোচ্চ পারিশ্রমিক তামিমই পাবে।"
কিন্তু পারিশ্রমিক নিয়ে প্রকৃত তথ্য না মিললেও লুতফর রহমান জানিয়েছেন, ক্লাব থেকে তামিম যে পরিমাণ টাকাই পান না কেন তা বিনিয়োগ করা হবে বন্ড আর শেয়ার ব্যবসায়। ফলে মূলধন আর লভ্যাংশ মিলিয়ে হয়তো অনেক টাকাই পাবেন জাতীয় দলের এই ক্রিকেটার।
আশরাফুলকেও একই সূতায় বেঁধেছেন মোহামেডান ক্রিকেট কমিটির সভাপতি। তাই তিনি নির্দিধায় বলেও বেড়াচ্ছেন, আশরাফুলের পারিশ্রমিক ৪০ লাখ টাকারও বেশি। তামিমের ব্যাংক হিসেবেও নাকি জমা হবে সমপরিমাণ টাকা।
আবাহনীর সঙ্গে তামিমের ঝামেলাটা পারিশ্রমিক নিয়েই। ১৫ লাখ টাকার বিনিময়ে আবাহনীতেই খেলতে চেয়েছিলেন তামিম। মোহামেডান তার চেয়ে বেশি টাকার প্রস্তাব দেয়ার মত বদলান জাতীয় দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান। এতেই রেগে যান আবাহনীর কর্মকর্তারা। তামিমকে আবাহনীতে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করতেও পিছ পা হননি তারা।
তবে আবাহনীর সঙ্গে অনাকাঙ্খিত ঘটনাটিকে আমলেই নিচ্ছে না তামিম। বললেন,"আমি তো আবাহনীর সঙ্গে চুক্তি করিনি, মৌখিক কথা হয়েছিল মাত্র। মোহামেডান থেকে বেশি টাকার প্রস্তাবের বিষয়টি তাদেরকে জানানোর পর আবাহনীর এক কর্মকর্তা আমার সঙ্গে অশোভন আচরণ করেন। বাধ্য হয়েই মত বদলাই।"
গত মৌসুমে ঠিক একইভাবে বেশি পারিশ্রমিক দিয়ে তামিমকে মোহামেডান থেকে নিয়ে গিয়েছিল আবাহনী। এবার উল্টো দৃষ্টান্তও দেখলো ক্রীড়াঙ্গন।
মোহামেডানে বড় ভাই নাফিস ইকবালকেও পাচ্ছেন তামিম। ভাইয়ের সঙ্গে ইনিংস উদ্বোধন করার স্বপ্নটা অনেক দিনের। মোহামেডানে যোগ দিতে এ বিষয়টিও প্রেরণা হিসেবে কাজ করেছে বলে জানালেন তামিম ইকবাল।
এখন তামিমকে নিয়ে তোলপাড় চলল্ওে জাতীয় দল জিম্বাবুয়ে থেকে ফেরার পর থেকে ক্রিকেট অঙ্গনের মূল আলোচনা ছিল টানা চার মৌসুম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার পর এবার সে আসন হারাতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজা ২০ লাখ টাকা করে নিয়ে আবাহনীতে যোগ দেয়ায় সেটা অনেকটাই পরিস্কার হয়ে যায়। কিন্তু আশরাফুল নিজেই প্রচার করতে থাকেন ৪০ লাখ টাকা পেয়ে মোহামেডানে খেলছেন। চুক্তির দিনও একই কথা বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
"মোহামেডান আমাকে ভাল টাকা দিচ্ছে। তাছাড়া ছোট বেলা থেকেই মোহামেডান আমার প্রিয় দল। দ্বিতীয় বারের মতো পছন্দের দলে খেলতে পারছি, আমার জন্য এটা অনেক কিছু।" বলেছেন আশরাফুল
দুই বছর আগে মোহামেডানের অধিনায়ক ছিলেন আশরাফুল। কিন্তু সেবার নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি। এবার পুষিয়ে দিতে চান, সংবাদ সম্মেলনে তাই আশরাফুর প্রতিশ্র"তি দিলেন, শিরোপা পুনরুদ্ধার করে কর্মকর্তাদের আট বছরের দুঃখ ঘোচাবেন। এদিকে তামিম ইকবাল আর আশরাফুলের পর পুলের তৃতীয় ক্রিকেটার হিসেবে অল-রাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকেও দলে নিয়েছে মোহামেডান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২২৪০ ঘ
bdnews24