ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে দলবদলের মাঠ রীতিমত গরম করে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে টেক্কা দিতে আট-ঘাট বেঁধেই মাঠে নেমেছে তারা।
লড়াইয়ে নেমে মোহামেডান ভুলেই গেছে পুলভুক্ত তিন ক্রিকেটারের বেশি দলে নেওয়া যাবে না। অথচ তামিমকে নিয়ে পুলের চারজন ক্রিকেটারের সঙ্গে এরই মধ্যে মৌখিক চুক্তি করেছে তারা। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, অল-রাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ ও ডলার মাহমুদের সঙ্গে কথা বলার পর দলে নিয়েছে তামিম ইকবালকে। এখন কাকে বাদ দেবে বলা মুশকিল।
শেষ পর্যন্ত হয়তো ডলারকেই ছেড়ে দিতে পারে সাদা-কালো শিবির। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মোহামেডানের উর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, "পুলের ক্রিকেটারের কোটা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন লিগ কমিটির কাছে আবেদন করবে তারা। এজন্য প্রয়োজনে অন্য ক্লাবের সঙ্গে জোটও বাঁধা হবে।"
লিগ কমিটির চেয়ারম্যান জি এস হাসান চৌধুরী তামিম বলেছেন, "পুলভুক্ত ক্রিকেটারের কোটা বাড়ানোর কোন সুযোগ নেই।"
এদিকে তামিম ইকবাল মোহামেডানের যোগ দেয়ায় আবাহনী দলে নিয়েছে জাতীয় দলের আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৪০ ঘ.
bdnews24