ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগেও অস্ট্রেলিয়া গেছেন সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার জন্য। এবার অস্ট্রেলিয়া যাচ্ছেন সম্পূর্ণ একা, চোট পাওয়া কুচকির চিকিৎসা নিতে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, শুক্রবার গভীর রাতে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন জাতীয় দলের সহ-অধিনায়ক সাকিব। অস্ট্রেলিয়া পৌঁছাবেন পর দিন। কিন্তু ডাক্তার দেখাতে তাকে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। কারণ শনি-রোববার সাপ্তাহিক ছুটি থাকায় অ্যাডিলেডে বিশেষজ্ঞ চিকিৎসক স্টিভ সান্ডার্সকে পাওয়া যাবে না।
তারপরও সাকিবের মনটা বেশ চনমনে। কারণ অনেকদিনের কুচকির ব্যাথা এবারের চিকিৎসায় সেরে যাবে। তর মতে, আর হয়তো অসুস্থ শরীর নিয়ে বিছানায় শুয়ে যন্ত্রণা পোহাতে হবে না। "প্রায় এক বছরেরও বেশি সময় আগে কুচকিতে ব্যাথা পেয়েছি। অনেক চেষ্টার পরও ভাল হয়নি। ধীরে ধীরে যন্ত্রণা বেড়েছে। আশা করছি এবার সুস্থ হয়েই দেশে ফিরবো। ব্যথা নিয়ে আর মাঠে নামতে হবে না," বলেছেন সাকিব আল হাসান।
৭ সেপ্টেম্বর বিশেষজ্ঞ চিকিৎসক স্টিভ সান্ডার্সকে দেখানোর পরই বোঝা যাবে সাকিবের কুচকির সার্বিক অবস্থা। পরীক্ষার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন এই বিশেষজ্ঞ কিকিৎসক। সাকিবকে অ্যাডিলেডে সহযোগিতা করবেন কোচ জেমি সিডন্স। তিনি এখন ছুটিতে অস্ট্রেলিয়ায় আছেন। কয়েকদিন আগেই ত্বকের ক্যান্সারের সফল অপারেশন হয়েছে তার।
২০০৮ সালের জুলাইয়ে এ দলের হয়ে ইংল্যান্ড সফরের সময় কুচকিতে প্রথম ব্যাথা অনুভব করেন সাকিব। এরপর পুরোপুরি সুস্থ হওয়ার আগেই মাঠে নামতে হয় তাকে। এ বছর ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ইংল্যান্ডে চিকিৎসাও নেন। তাতে খুব একটা লাভ হয়নি। জিম্বাবুয়ে সফরে ব্যাথা আরও বেড়ে যায় বলে জানান সাকিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২০৬ ঘ.
bdnews24