ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার পুলিশের পোশাকে দেখা যাবে ক্রিকেটার হাবিবুল বাশারকে। না, পুলিশে চাকরি নেননি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। টেলিফিল্ম এ অভিনয় করতেই ওই বাহিনীর ধড়াচূড়া পড়েছেন তিনি।
ফরিদুর রেজা সাগরের রচনা ও মাহাবুব মতিনের পরিচালনায় 'পাসওয়ার্ড' নামের টেলিফিল্মে খানিক সময়ের জন্য পুলিশের চরিত্রে অভিনয় করেছেন বাশার। ঈদের অনুষ্ঠান হিসেবে টেলিফিল্মটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।
অভিনয় করে বেশ আনন্দই পেয়েছেন বাশার। তবে কাজটা বেশ কঠিনই মনে হয়েছে তার ক্যামেরার সামনে সংলাপ বলতে গিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন বাশার ,"এতদিন অভিনয়কে সহজ বিষয় মনে হতো। কিন্তু কাজটা বেশ কঠিন। শেন ওয়ার্নের বলে ব্যাটিং করার চেয়েও অভিনয় বেশি মনোযোগ রাখতে হয়। তবে আনন্দ পেয়েছি।"
ক্রিকেট যার পেশা এবং নেশা সেই হাবিবুল বাশার ভবিষ্যতে আরো অভিনয় করতে আগ্রহী। তার মতে,"জীবনের বেশির ভাগ সময়ই তো ক্রিকেট খেলেছি। ভবিষ্যতে অভিনয়ে সুযোগ পেলে মন্দ হবে না। ভিন্ন মাধ্যমে কাজের যেমন অভিজ্ঞতা হবে তেমনি অন্য জগতের মানুষের সঙ্গে মেশার সুযোগ পাব।"
এক দিনেই অভিনয় শেষ করে ফেলেছেন বাশার। তবে পরিচালক জানিয়েছেন, ফিল্মের কাহিনীর কারণে আরো এক দিন পুলিশের পোশাক পড়তে হতে পারে ক্রিকেটার বাশারকে।
বাশারের আগে নাটকে অভিনয় করেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। গতবছর ঈদ অনুষ্ঠানেই প্রচার হয় নাটকটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৩৯ঘ.
bdnews24