২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবির আদালতে না যাওয়ার সিদ্ধান্তে খুশি সাবেক ক্রিকেটাররা

পাকিস্তান থেকে আগামী বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ সরিয়ে নেওয়ায় বেজায় চটেছিল সে দেশের ক্রিকেট বোর্ড। আইনি লড়াইয়ে নামার প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল। এখন সেই প্রক্রিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক পাকিস্তানী ক্রিকেটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 04:43 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান থেকে আগামী বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ সরিয়ে নেওয়ায় বেজায় চটেছিল সে দেশের ক্রিকেট বোর্ড। আইনি লড়াইয়ে নামার প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল। এখন সেই প্রক্রিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক পাকিস্তানী ক্রিকেটাররা। নিরাপত্তার কারণে পাকিস্তান থেকে ২০১১ সালের বিশ্বকাপের ১৪টি ম্যাচ সরিয়ে নেয় আইসিসি। পরে ম্যাচগুলো বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়। সাবেক অধিনায়ক মইন খান বলেন, "আলাপ-আলোচনা করে সব সমস্যার সমাধান করা উচিত বলেই আমি মনে করি। আমি জানি না কে পিসিবিকে মামলা করার পরামর্শ দিয়েছিল। তবে এখন অন্তত পাকিস্তান বিশ্বকাপ থেকে বেশ মোটা অংকের অর্থ পাবে।" জহির আব্বাস আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর হামলার পর পাকিস্তান থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে আইসিসির। নিরাপত্তা নেই বলে কোনও দলই এই মুহূর্তে পাকিস্তানে আসতে রাজি নয়। তাই আইসিসির বিরুদ্ধে মামলা কেবল অন্তঃসারশূন্য একটা ঘটনাই হতো বলে মনে করেন তিনি। সাবেক উইকেট কিপার রশিদ লতিফও একই একই ধরনের মত দেন। তবে সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান আমির সোহেলের মত অন্য রকম। তিনি বলেন, আদালতে সমস্যার সমাধান না করায় পিসিবি একটি বাজে নজির সৃষ্টি করলো। এর আগে বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসি প্রেসিডেন্ট ডেভিড মরগ্যান ও পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট বৈঠকে বসে বিষয়টির মীমাংসা করেন। তবে এজন্য বিপুল অংকের অর্থ গুনতে হচ্ছে আইসিসিকে। ১৪টি ম্যাচের ফি বাবদ সাড়ে দশ মিলিয়ন ডলার ও ক্ষতিপূরণ বাবদ আরও ১৮ মিলিয়ন ডলার দিতে হচ্ছে পিসিবিকে। (তথ্য ক্রিকইনফো থেকে নেওয়া) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২২২৫ ঘ.