ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের মাঠেই যখন বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে জিম্বাবুয়ে তখন ফিরতি সফরকে প্রতিশোধের মিশন না বলাই ভাল। বরং স্বাভাবিক খেলা খেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের উন্নতির ধারা অব্যাহত রাখার চেষ্টাই থাকবে জিম্বাবুয়ের। হয়তো বাংলাদেশের লক্ষ্য থাকবে জিম্বাবুয়ে সফরের অপূর্ণতা ঘরের মাঠে পূরণ করে নেওয়া। অর্থৎ পাঁচ ম্যাচের একদিনের সিরিজের সবগুলোই জিতে নেওয়া।
জিম্বাবুয়ে ঢাকা আসছে ২১ অক্টোবার। ২৩ অক্টোবর গা গরমের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক সফর শুরু করবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে মূল সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর।
২৭, ২৯ এবং ৩১ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে প্রথম তিনটি ম্যাচ। বাকি ম্যাচ দু'টি হবে ৩ এবং ৫ নভেম্বর চট্টগ্রাম জওহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৪৫ ঘ.
bdnews24