ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইচ্ছে মাফিক জাতীয় দল নির্বাচকদের মাঠে যাওয়ার দিন শেষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূচি মেনেই ঢাকা লিগ এবং জাতীয় লিগের খেলা পর্যবেক্ষণ করতে হবে তাদের। বৃহস্পতিবার নির্বাচক মূল্যায়ন কমিটির সভায় এ বিষয়ে একমত হয়েছেন কর্মকর্তারা।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান ও জাতীয় দল নির্বাচক মূল্যায়ন কমিটির অন্যতম সদস্য জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে নির্বাচকরা প্রয়োজন মনে করলেই কেবল ঘরোয়া ক্রিকেট পর্যবেক্ষণ করতেন। পরবর্তী নির্বাচকদের জন্য নির্দিষ্ট সংখ্যক ম্যাচ ঠিক করে দেওয়া হবে। সেই সঙ্গে বয়সভিত্তিক দল নির্বাচকদের সঙ্গেও যুক্ত করে দেওয়া হবে জাতীয় দল নির্বাচকদের।"
কর্মকর্তারা মনে করেন, বয়সভিত্তিক দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার থাকেন। নির্বাচকদের দৃষ্টির আড়ালে থাকায় তারা জাতীয় দল কিংবা এ দলে খেলার সুযোগ পান না। জাতীয় দলের নির্বাচকরা তাদের পর্যবেক্ষণ করলে প্রতিভাবানরা উঠে আসবেন। এতে জাতীয় দলও সমৃদ্ধ হবে।
শুধু ঘরোয়া ক্রিকেট পর্যবেক্ষণই নয়, বিভিন্ন দলের সঙ্গে নির্বাচকদের বিদেশ সফরের বিষয়টিও ভাগ করে দেওয়া হবে। নির্বাচকরা স্বতন্ত্র কমিটি হিসিবে কাজ করায় এর আগে বিদেশ সফর এবং খেলা দেখা না দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতেন নিজেরাই।
এমন কি, জাতীয় দল নির্বাচনে স্বাধীনভাবে কাজ করতেন তারা। তবে দল নির্বাচনের পর ক্রিকেট অপারেশন্স কমিটির সদস্যদের তা অবহিত করতেন। দল নির্বাচনে পরের কমিটিকেও পূর্ণ স্বাধীনতা দেওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সামগ্রিক কাজ শেষে করতে হবে বলেই জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।
এছাড়া আরও কিছু নীতিমালা এবং দিক নির্দেশনা বাস্তবায়নেরও সুপারিশ করবে মূল্যায়ন কমিটি। ১ সেপ্টেম্বর থেকে যারাই নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব নেবেন, কাজের শর্ত মেনেই বিসিবির সঙ্গে চুক্তি করতে হবে। আচরণ বিধির শর্ত দেখার পর বলার অপেক্ষা রাখে না যে, নির্বাচকদের জন্য জবাবদিহিতার বিষয়টিই পোক্ত করা হচ্ছে।
মূল্যায়ন কমিটির আহ্বায়ক এনায়েত হোসেন সিরাজ দেশের বাইরে থাকায় বৃহস্পতিবারের সভায় এ বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। জালাল ইউনুস জানান, কমিটির আহ্বায়ক ফেরার পরই বাকি কাজ শেষ করা হবে। আগের তিন নির্বাচককে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হবে, না সম্পুর্ণ নতুন কমিটি গঠন করা হবে সে বিষয়েও সিদ্ধান্ত হবে পূর্ণাঙ্গ কমিটির সভায়।
সোমবারই শেষ অফিস করবেন জাতীয় দল নির্বাচক তিন সদস্যের বর্তমান কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১০৫ ঘ.
bdnews24