ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা লিগে মাশরাফিকে বোলিং করতে দেখলে অবাক হওয়ার কিছু নেই। কারণ লিগের প্রায় এখনো এক মাস বাকি। এ সময়ের মধ্যেই পুরো সেরে ওঠার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।
অস্ট্রেলিয়া থেকে রোববার রাতে দেশে ফিরে সোমবার বিকেলেই মাশরাফি বিন মুর্তজা জিমনেসিয়ামে যান পায়ের ব্যায়াম করতে। অপারেশনের পর দুই হাঁটুর অবস্থা এখন বেশ ভাল বলেই নাকি মনে হচ্ছে তার। সে ভরসাতেই ঢাকা লিগে ফিরতে পারবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
১০ আগস্ট মেলবোর্নের এভিনিউ হাসপাতালে মাশরাফির দুই হাঁটুতে সফল অপারেশন করেন অস্ট্রেলিয়ার অর্থোপেডিক সার্জন ডেভিড ইয়াং। এর পরই চিকিৎসক তাকে আশ্বস্ত করেন ছয় সপ্তাহ পরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন। আর তিন সপ্তাহের মধ্যেই দৌঁড়ানোর মত অবস্থায় ফিরে আসবে তার পা।
এরই মধ্যে দুই সপ্তাহ চলে গেছে। অস্ট্রেলিয়াতেই পায়ে ওজন তুলে হাঁটু আগের অবস্থায় ফিরিয়ে আনার অনুশীলন করেছেন মাশরাফি। চিকিৎসকের পরামর্শে ঢাকায় ফিরেও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের এই ফাস্ট বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩১২ঘ.
bdnews24