মাগুরা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার প্রবেশ মুখ মাগুরা-ফরিদপুর সড়কের গড়াই সেতুতে পৌঁছা মাত্র রোববার ফুল ও পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসানকে।
এরপর মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলার এ কৃতী সন্তানকে বিদেশের মাটিতে টেস্ট ও একদিনের ক্রিকেট সিরিজ জয়ে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য দেওয়া হয় আনুষ্ঠানিক সংবর্ধনা।
সাকিব রোববার ট্যাক্সিতে করে ঢাকা থেকে মাগুরা শহরে নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা হন। দুপুরে গড়াই সেতুর ওপর পৌঁছলে ফুল ও পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। এর পর কয়েক শ' মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্যাক্সি বহর সাকিবের গাড়িকে অনুসরণ করে মাগুরা শহরে প্রবেশ করে।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ দিলোয়ার বখ্ত আনুষ্ঠানিকভাবে সাকিবের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। এ সময় শত-শত মানুষ হাততালি ও বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে সংবর্ধনাস্থল মুখরিত করে তোলে।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাগুরা ক্রিকেট একাডেমির পরিচালক সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কি, মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল, মা শিরিনা রেজা প্রমুখ।
অনুষ্ঠানে সাকিব মাগুরাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করে তোলারও প্রতিশ্র"তি দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯৫৮ ঘ.
bdnews24