২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদ বাড়াতে চাইলে বিসিবিতে আবেদন করতে হবে দুর্জয়দের

অর্থের চেয়ে মান বড়, জাতীয় ক্রিকেট দল নির্বাচকদের এভাবেই মূল্যায়ন করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এতদিন তাই করে এসেছে। কিন্তু হঠাতই সাবেক ক্রিকেটারদের জন্য সম্মানজনক পদকে শুধু মাত্র চাকরির গন্ডিতে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। চাকরির মেয়াদ বাড়াতে জাতীয় ক্রিকেট দলের বর্তমান তিন নির্বাচককে আবেদন করতে হবে ক্রিকেট অপারেশন্স কমিটির কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 01:12 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থের চেয়ে মান বড়, জাতীয় ক্রিকেট দল নির্বাচকদের এভাবেই মূল্যায়ন করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এতদিন তাই করে এসেছে। কিন্তু হঠাতই সাবেক ক্রিকেটারদের জন্য সম্মানজনক পদকে শুধু মাত্র চাকরির গন্ডিতে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। চাকরির মেয়াদ বাড়াতে জাতীয় ক্রিকেট দলের বর্তমান তিন নির্বাচককে আবেদন করতে হবে ক্রিকেট অপারেশন্স কমিটির কাছে। অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ এর সত্যতা স্বীকার করেছেন। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বর্তমান তিন নির্বাচকের মেয়াদ শেষ হবে এ মাসেই। চাকরির মেয়াদ বাড়াতে হলে তাদের আবেদন করতে হবে। আবেদনপত্র পাওয়ার পরই মূল্যায়ন কমিটি আলোচনায় বসবে। পারফরমেন্স পর্যালোচনার পর বর্তমান নির্বাচকদের রাখা না রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।" আট দিন পরই (৩১ আগস্ট) শেষ হবে জাতীয় ক্রিকেট দলের তিন নির্বাচক রফিকুল আলম (প্রধান নির্বাচক), সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়ের চাকরির মেয়াদ। ২০০৭ সালে সেপ্টেম্বরে প্রধান নির্বাচক রফিকুল আলম এবং নাঈমুর রহমান দুর্জয়কে নিয়োগ দেয় বিসিবি। আকরাম খান তারও তিন মাস আগে দায়িত্ব পান। আবেদনপত্র জমা দিয়ে চাকরির মেয়াদ বাড়াতে রাজি কি না, জানতে চাইলে নাঈমুর রহামান দুর্জয় বলেন, "ক্রিকেট অপারেশন্স কমিটি থেকে চিঠি পাওয়ার পরই সিদ্ধান্ত নেব।" একই মত আকরাম খানেরও। এমনিতেই তিন মাসের বর্ধিত মেয়াদে দায়িত্ব পালন করছেন তিনি। বলেন, "এখনও বিসিবিতে যাইনি। সোমবার অফিসে গিয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।" এই দু'জনের মতামত জানা গেলেও প্রধান নির্বাচক রফিকুল আলমের মতামত জানা সম্ভব হয়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মেয়াদ বাড়াতে নির্বাচকদের আবেদন করতে হবে, এই প্রক্রিয়াকে ভাল চোখে দেখছেন না জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেন, "হতে পারে বিসিবি কর্পোরেট পদ্ধতিতে কাজ করছে। তবে জাতীয় দল নির্বাচক পদ আলাদা। অফিস কর্মকর্তাদের মত নয়। সাবেক ক্রিকেটারদের সম্মান দেয়া হয় নির্বাচক বানিয়ে। আলোচনার মাধ্যমেই মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিলে ভাল করবে বিসিবি।" জাতীয় দল নির্বাচকদের আবেদন করার বিষয়ে বিসিবির কর্মকর্তাদের মধ্যেই ভিন্ন মত পাওয়া গেছে। বিসিবি সহ-সভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, "সাবেক এবং বিচক্ষণ ক্রিকেটারদেরই নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আমার বিশ্বাস আগের নিয়মেই এগিয়ে যাবেন ক্রিকেট অপারেশন্স কমিটির কর্মকর্তারা এবং জাতীয় দল নির্বাচক মূল্যায়ন কমিটি। কারণ সিবিবির বেশির ভাগ কর্মকর্তাই ক্রিকেটার ছিলেন। নির্বাচকদের সম্মানের দিকটা নিশ্চয়ই ভেবে দেখবেন তারা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯২৭ ঘ.