ওয়েলিংটন, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ঢেলে সাজানো হয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট দল নির্বাচন প্রক্রিয়া। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি ও কোচ অ্যান্ডি মোলসকে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় ক্রিকেট নির্বাচক প্যানেলে।
জন রাইট ও ডিওন ন্যাশের জায়গায় দায়িত্ব পালন করবেন ভেট্টরি আর মোলস। যোগ দেবেন গ্লেন টার্নার ও মার্ক গ্রেটব্যাচের সঙ্গে। চার সদস্যের প্যানেলে এই দু'জনকে ভোট দেওয়ার ক্ষমতাসম্পন্ন পূর্ণাঙ্গ সদস্য হিসেবে পদোন্নতিও দেওয়া হয়েছে।
ক্রিকইনফো বলছে, ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে ভেট্টরি ও মোলসকেও।
তারপরও রাইট প্যানেলে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে ভোট দেওয়ার ক্ষমতা থাকবে না। আর ন্যাশ তার ব্যবসা ও পরিবারের প্রতি মনযোগ দেবেন আরও বেশি করে।
নির্বাচন প্রক্রিয়া ঢেলে সাজানো প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভন রোববার এক বিবৃতিতে বলেন, "কোচ ও দলনায়ক, উভয়কে নিয়ে নির্বাচক প্যানেল গঠন নিঃসন্দেহে নতুন উদ্যোগ। কিন্ত আমরা যেভাবে কাজ করছি তার সঙ্গে বেশ সঙ্গতিপূর্ণ।"
"অনেক দেশেই দল নির্বাচনে অধিনায়ক ব্যাপক ভূমিকা রেখে থাকেন। তবে একধাপ এগিয়ে আমরা প্যানেলে ড্যানিয়েলকে নিয়েছে", বলেন তিনি।
প্যানেলে কোচকে অন্তর্ভূক্ত করা প্রসঙ্গে প্রধান নির্বাহী বলেন, কোচ হিসেবে দল নির্বাচনে তারও একটা ভূমিকা থাকা দরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১২ ঘ.
bdnews24