ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাসেজ সিরিজ নির্ধারণী পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার প্রথম সেশনটিই ছিল কেবল অস্ট্রেলিয়ার। এরপর ম্যাচ চলে যায় পুরোপুরি ইংল্যান্ডের নিয়ন্ত্রণে। তাদের প্রথম ইনিংসের ৩৩২ রানের জবাবে অস্ট্রেলিয়া মধ্যাহ্ন বিরতি পর্যন্ত কোন উইকেট না হারালেও দ্বিতীয় সেশনের শুরুতেই জ্বলে ওঠেন স্টুয়ার্ট ব্রড ও গ্রাহাম সোয়ান। রীতিমতো ধসিয়ে দেন অসি ব্যাটিং লাইন-আপ। ১৬০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ইংল্যান্ড।
এর আগে সকালের সেশনে দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও সায়মন ক্যাটিচ ৬১ রান তোলেন। তখন মনে হচ্ছিল ম্যাচের পাল্লা অস্ট্রেলিয়ার দিকেই হেলে যাচ্ছে। কিন্তু তা হয়নি। ওয়াটসনকে দিয়ে অসি উইকেটের পতন শুরু। দলীয় ৭৩ রানের মাথায় ব্যক্তিগত ৩৪ রানে স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন ওয়াটসন।
এরপর দলীয় ৮৫ রানে অধিনায়ক রিকি পন্টিং, ৮৯ রানে মাইক হাসি, ৯৩ রানে মাইকেল ক্লার্ক, ১০৮ রানে মার্কাস নর্থ, ১০৯ রানে অপর উদ্বোধনী ব্যাটসম্যান সায়মন ক্যাটিচ, ১১১ রানে ব্রাড হ্যাডিন, ১৩১ রানে মিচেল জনসন, ১৪৩ রানে স্টুয়ার্ট ক্লার্ক ও শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন বেন হিলফেনহস।
ব্রড ১২ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৫ উইকেট নেন। গ্রাহাম সোয়ান ৪ উইকেট নেন ৩২ রান দিয়ে। আর শেষ উইকেটটি নেন অ্যান্ড্রু ফ্লিনটফ। তিনি দিয়েছেন ৩৫ রান।
এর আগে সকালে মাত্র ২৫ রান যোগ হতেই ৩৩২ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।
আট উইকেটে ৩০৭ রান নিয়ে ওভালে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। কিন্তু এক রান যোগ হতেই বেন হিলফেনহসের বলে জেমস অ্যান্ডারসন এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন। রানের খাতাই খুলতে পারেননি তিনি।
স্টুয়ার্ট ব্রডের আউট হওয়ার মধ্য ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি ঘটে। হিলফেনহসের বলে অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং-এর হাতে ধরা পড়েন। ৬৯ বল খেলে ৩৭ রান করেন তিনি।
পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে লর্ডসে ইংল্যান্ড এগিয়ে গেলেও হেডিংলিতে সমতা ফিরিয়ে আনে অস্ট্রেলিয়া।
দল-
ইংল্যান্ড: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, ইয়ান বেল, পল কলিংউড, জোনাথন ট্রট, ম্যাট প্রায়র, অ্যান্ড্রু ফ্লিনটফ, স্টুয়ার্ট ব্রড, গ্রাহাম সোয়ান, জেমস অ্যান্ডারসন, স্টিভ হার্মিসন।
অস্ট্রেলিয়া: শেন ওয়াটসন, সায়মন ক্যাটিচ, রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, মাইক হাসি, মার্কাস নর্থ, ব্র্যাড হ্যাডিন, মিচেল জনসন, স্টুয়ার্ট ক্লার্ক, পিটার সিডল, বেন হিলফেনহস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩৫৫ ঘ.
bdnews24