২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গল টেস্টের প্রথম ইনিংসে শ্রীলংকার বড় সংগ্রহ

৪৫২ রান গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনেক বড় স্কোর। মাহেলা জয়াবর্ধনে ও সামারাবিরার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে এই রান পেয়েছে শ্রীলংকা। জবাবে বুধবার দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে নিউজিল্যান্ড করেছে ৮৭।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 08:09 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪৫২ রান গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনেক বড় স্কোর। মাহেলা জয়াবর্ধনে ও সামারাবিরার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে এই রান পেয়েছে শ্রীলংকা। জবাবে বুধবার দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে নিউজিল্যান্ড করেছে ৮৭। ব্যক্তিগত ১০৮ রানে অপরাজিত থেকেই প্রথম দিনের (মঙ্গলবার) খেলা শেষ করেছিলেন মাহেলা জয়াবর্ধনে। সঙ্গী সামারাবিরার সংগ্রহে ছিল ৮৭ রান। আর দলের রান ছিল তিন উইকেট ২৯৩। দ্বিতীয় দিন বাকি সাত উইকেট তুলে নিতে নিউজিল্যান্ড খরচ করেছে ১৫৯ রান। বোঝাই যায় উইকেট শিকারে কতটা মরিয়া হয়ে উঠেছিলেন কিউই বোলাররা। দ্বিতীয় দিন মাত্র ৬ রান যোগ করেই ও' ব্রায়ানের বলে ক্যাচ তুলে টেলরের হাতে ধরা পড়েন মাহেলা। তার ১১৪ রানের ইনিংসটির ভিত গড়েছে একে একে ১৫ টি বাউন্ডারি। বোধহয় ঝুঁকি এড়াতেই একবারও ছক্কার উদ্দেশ্যে ব্যাট চালাননি এই সাবেক লঙ্কান অধিনায়ক। সামারাবিরা আউট হয়েছেন দলীয় ৪৪৪ রানে। সাজঘরে ফেরার আগে সঙ্গে নিয়েছেন ১৫৯ রান। কিউই বোলারদের তোপের মুখে এদিন আর কেউই বড় স্কোর করতে পারেননি। প্রথম দিন ৯২ রান করে আউট হয়েছিলেন দিলশান। চারটি করে উইকেট নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেটরি ও ক্রিস মার্টিন। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৮০ রান তুলতেই গুপ্তিল আর ফ্লেইনকে হারায় নিউজিল্যান্ড। ৩৬ রানে অপরাজিত আছেন ম্যাকিনটোশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৬ঘ.