২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজের চূড়ান্ত নাটক ওভালেই জমা

পাঁচ টেস্ট অ্যাশেজ সিরিজের চারটি শেষে ১-১ এ ঝুলে আছে সিরিজের ফলাফল। ফলে বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে যাওয়া শেষ টেস্টই বলবে, এবার কার হাতে শোভা পাবে বড়ো মর্যাদার লড়াইয়ের এ ছোট্ট ট্রফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

লন্ডন, আগস্ট ১৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাঁচ টেস্ট অ্যাশেজ সিরিজের চারটি শেষে ১-১ এ ঝুলে আছে সিরিজের ফলাফল। ফলে বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে যাওয়া শেষ টেস্টই বলবে, এবার কার হাতে শোভা পাবে বড়ো মর্যাদার লড়াইয়ের এ ছোট্ট ট্রফি। স্বাগতিক ইংল্যান্ড লর্ডসের দ্বিতীয় টেস্ট আর সফরকারী অস্ট্রেলিয়া হেডিংলির চতুর্থ টেস্ট জিতেছে। বাকি দুটি টেস্ট হয়েছে ড্র। সঙ্গত কারণেই এ নিয়ে টান টান উত্তেজনা জমে আছে দু পক্ষের শিবিরে। ক্রিকেটাররা নিজেদের শেষবারের মতো শানিয়ে নিচ্ছেন। বরাবরের মতোই এ উত্তেজনা ড্রেসিং রুমের চারদেয়াল পেরিয়ে ছড়িয়ে পড়েছে দুই মহাদেশে যার অবস্থান কিনা ভূগোলকের ঠিক বিপরীত বিন্দুতে। আর টিভি পর্দায় চোখ রাখবে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাই। এরই মধ্যে ওভাল টেস্টের পাঁচ দিনের টিকিট বিক্রিই শেষ। উত্তেজনার বাড়তি কারণ ক্রিকেটের সবচেয়ে পুরনো এবং আকর্ষণীয় এ লড়াইয়ে মাত্র তিনবারই এমন কাণ্ড ঘটেছে যাতে ইংল্যান্ডকে অ্যাশেজ ট্রফি উদ্ধারের জন্য শেষ টেস্টকেই বেছে নিতে হয়েছে। কার্ডিফের প্রথম টেস্টটি স্বাগতিক ইংল্যান্ড সহজে ড্র করার পর লর্ডসের দ্বিতীয় টেস্টটি জিতে নেয় দারুণভাবে। ১৯৩৪ সালের পর প্রথমবারের মতো লর্ডসে কোনও অ্যাশেজ টেস্ট জয়ের গৌরব পায় তারা। এরপর তিন নম্বর এজবাস্টন টেস্টে হারতে হারতে পঞ্চম দিনে টেল এন্ডারদের ব্যাটিং দৃঢ়তায় সম্মানজনক ড্র করে। কিন্তু হেডিংলি টেস্টে এসে সফরকারী অস্ট্রেলিয়াকে আর ঠেকাতে পারেনি তারা। অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে হেডিংলি টেস্ট জিতে নেয়। সফরকারীদের সামনে এখন ২০০৫ সালে ইংল্যান্ডে এসে ২-১ ব্যবধানে হারার প্রতিশোধ নেওয়ার সুযোগ। এবং তারা এর সদ্ব্যবহারের কথা মনপ্রাণ দিয়েই ভাবছে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ২০০৫ সালে অ্যাশেজ হারের যন্ত্রণার কথা বলেছিলেন। তার খুব ভালোভাবেই জানা, মাত্র একজন অস্ট্রেলিয়ান অধিনায়কই ইংল্যান্ডে এসে দু'বার অ্যাশেজ হেরেছেন। তিনি যে সেখানে নিজের নাম যোগ করতে চাইবেন না তা বলাই বাহুল্য। তাছাড়া হেডিংলি টেস্ট জিতে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাই তারা শেষ টেস্ট জেতার স্বপ্ন দেখছে খুব ভালো করেই। সেই স্বপ্নের গোড়ায় জল দিচ্ছে, ওভালের ভালো উইকেটও। রিকি পন্টিং বলেন," গ্যারান্টি দিয়ে বলা যায় যে এই উইকেট বেশ ভালো (হেডিংলির)। বিশেষ করে শুরুর দিকে।" "উইকেট যৌক্তিকভাবেই শুকনো। ফলে একটু দেরিতে স্পিন ধরবে। সব দিক মিলিয়ে এটা সত্যিই ভালো উইকেট।" "যদি আপনি এই মাঠে গত কয়েক বছরের ফলাফল দেখেন, তবে দেখবেন বেশিরভাগই বড় ইনিংস হয়েছে। দলগুলো ৬ শ', ৫৮০ এ রকম রান তুলেছে এবং আমি এ টেস্টে এ রকমই আশা করছি। " বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসকে/২৩২৫ঘ.