ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এরকম সময় কি আর এসেছে বাংলাদেশের ক্রিকেটে? টানা সাফল্যের রঙে রাঙানো এমন সোনালী সময়? এহেন সাফল্যের ঝলমলে আলোয় একটি ম্যাচ হারের কালিমা তো লুকিয়ে থাকবে নিজে থেকেই।
জয় দিয়েই গ্রামীণফোন ওয়ানডে কাপ সিরিজ শেষ করল বাংলাদেশ। পঞ্চম ও শেষ একদিনের ম্যাচটি সফরকারী দল জিতেছে পাঁচ উইকেটে। আর সিরিজ জিতলো ৪-১ ব্যবধানে।
একশভাগ সফল না হলেও সিরিজে প্রশংসা পাওয়ার মতোই খেলেছে বাংলাদেশ। রেকর্ড রান তাড়া করে যেমন জিতেছে তেমনি সফরকারী ক্রিকেটারদের ব্যক্তিগত অর্জনও নেহায়েত কম নয়। তামিমের সর্বোচ্চ স্কোর, আশরাফুল আর সাকিবের সেঞ্চুরি ব্যাটিংয়ের ধারাবাহিকতা ফুটিয়ে তোলে যার অভাব একসময় প্রায়ই পুড়িয়েছে তীব্র যাতনায়।
শেষ ম্যাচে স্বাগতিকদের ২১০ রানের জবাবে ১৩ বল আগেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। দুই রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও এ জয়ে মুশফিকের অবদান গুরুত্বপূর্ণ। যে বিশ্বাসেই মিডল অর্ডার থেকে তাকে উদ্বোধনী জুটিতে নামানো হোক, শেষপর্যন্ত তিনি সফল।
দলের জয় এলেও নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান তামিমের শেষ ভালো হলো না। আগের ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রানের একক কৃতিত্ব দেখানো বাঁহাতি এই ব্যাটসম্যান প্রাইসের বলে বোল্ড হন মাত্র চার করে।
দ্বিতীয় জুটিতে ব্যাট করতে এসে আশরাফুলের বিদায়টা দুর্ভাগ্যজনকই বলতে হবে। চিগুম্বুরার অফ সাইডের বল চমৎকার কাট করেও সিবান্দার হাতে ধরা পড়েন তিনি। ৪৮ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।
এরপর মুশফিকের সঙ্গে রকিবুল দলের রান কিছুটা টেনে নেন। তৃতীয় উইকেট জুটিতে আসে ৪১। ব্যক্তিগত ২৪ রানে তিনি যখন বিদায় নেন দলের সংগ্রহ তখন ৯৯।
সাকিব এসে ৩৩ রান করে সাজঘরে ফেরেন। মুশফিক বারবার একা হয়েও লক্ষ্যের দিকে এগিয়েছেন। পঞ্চম উইকেটে তাকে সঙ্গ দিয়েছেন মাহমুদুল্লাহ। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও মুশফিক সেঞ্চুরি অপূর্ণ রেখেই স্ট্যাম্পিং এর শিকার হন।
আগের দুই ম্যাচের মতো বড় ইনিংসের আশায় মঙ্গলবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিং নেন জিম্বাবুয়ে অধিনায়ক প্রসপার উতসেয়া। তখন নিশ্চয়ই ভাবতেও পারেননি কি ঘটতে চলেছে।
বিশেষ করে পেসার ডলার মাহমুদ এতটা ভয়ংকর হয়ে উঠবেন স্বাগতিকদের বোঝার উপায় ছিল না। সিরিজে নতুন বলে বাংলাদেশী এই বোলারকে পরখ করে দেখারও সুযোগ হয়নি। যার খেসারত গুণতে হয়েছে একের পর এক উইকেট হারিয়ে।
দলের মাত্র ৫ রানে ভুসিমুসি সিবান্দাকে সরাসরি বোল্ড করেন ডলার। এরপর আগের ম্যাচে রেকর্ড ১৯৪ রানে অপরাজিত থাকা চার্লস কভেন্ট্রিকে শূন্যতেই বিদায় দেন উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে। ৯ রানে দুই উইকেট পতন জিম্বাবুয়ে শিবিরে হাহাকার ফেলে দেয়।
শুরুর ধাক্কা আর সামলে ওঠার সুযোগ মেলেনি স্বাগতিকদের। ৪৩ রানে যায় আরেকটি উইকেট। ব্যক্তিগত ২৫ করে রানআউট হন উদ্বোধনী ব্যাটসম্যান মাসাকাদজা।
চার নম্বরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি ওয়ালারও। বড় স্কোরের আশায় থিতু হতে গেলেই তার উইকেটে হানা দেন আবারো ডলার মাহমুদ। ১০ রান তুলে বোল্ড হন এই ডানহাতি।
বাংলাদেশের দুই পেসার ডলার ও সৈয়দ রাসেল পালা করে উইকেট শিকারে মেতে ওঠায় ৬৯ রানে ছয় উইকেট হারায় জিম্বাবুয়ে। এতে অল্প রানেই তাদের ইনিংস গুটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়। সেখান থেকে দলকে বাঁচান সপ্তম ও অষ্টম জুটি। সপ্তম জুটিতে আসে ৫৪ রান। আর অষ্টম উইকেটে যোগ হয় ৫৩।
জিম্বাবুয়ের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৬১ রান টেলরের। এটি তার ১৪তম অর্ধশতক। মেহরাব জুনিয়রের বলে এলবিডব্লিউ হয়ে যখন তিনি সাজঘরে ফেরেন তখন স্কোর আট উইকেটে ১৭৬। এরপর রেমন্ড প্রাইসের ৪৬ রানের সুবাদে ২০০'র ঘর পেরোয় জিম্বাবুয়ে।
এ ম্যাচে মাত্র ২৮ রান খরচায় চার উইকেট নিয়েছেন পেসার ডলার মাহমুদ। সিরিজে প্রথম ম্যাচে নেমেই এ সাফল্য পেলেন তিনি। স্বীকৃতি হিসেবে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
এছাড়া সৈয়দ রাসেল দু'টি, মাহমুদুল্লাহ, মেহরাব হোসেন ও নাঈম ইসলাম একটি করে উইকেট নেন।
নিয়মিত রান করায় সিরিজ সেরার পুরস্কার জেতেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২১২/৫ (৪৭.৫ ওভার। মুশফিকুর রহিম ৯৮, সাকিব আল হাসান ৩০, মাহমুদুল্লাহ ২৭*, মোহাম্মদ আশরাফুল ২৪, রেমন্ড প্রাইস ২১/২)
জিম্বাবুয়ে: ২০৯/১০ (৪৬.৪ ওভার। টেলর ৬১, প্রাইস ৪৬, মাসাকাদজা ২৫, ডলার মাহমুদ ২৮/৪, সৈয়দ রাসেল ৪৫/২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএল/এমআই/এসকে/২৩১৯ ঘ.
bdnews24