ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয় থেকে খুব বেশি দূরে নেই বাংলাদেশ। প্রয়োজনীয় রান অনুপাতে বল যথেষ্ট। হাতে উইকেট আছে ছয়টি। বলতে গেলে জয় এখন সময়ের ব্যাপার। ৪০ ওভার শেষে চার উইকেটে ১৮০ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য তাদের করতে হবে ২১০ রান।
সমান চার রান নিয়ে আউট হয়েছেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। রকিবুল করেছেন ২৪ রান। অধিনায়ক সাকিব ফিরেছেন ৩০ রানে। ক্যারিয়ারে তৃতীয় হাফ সেঞ্চুরি যোগ করে উইকেটে আছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরির কাছাকাছিও পৌঁছে গেছেন মুশফিকুর রহিম।
আগে ব্যাটিংয়ে নেমে ৪৬.৪ ওভারে ২০৯ রান তুলতেই অল-আউট হয় জিম্বাবুয়ে।
আগের দুই ম্যাচের মতো বড় ইনিংসের আশায় মঙ্গলবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিং নেন জিম্বাবুয়ে অধিনায়ক প্রসপার উতসেয়া। তখন হয়তো ভাবতে পারেননি নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে হবে।
বিশেষ করে পেসার ডলার মাহমুদ এতটা ভয়ংকর হয়ে উঠবেন স্বাগতিকদের বোঝার উপায় ছিল না। সিরিজে নতুন বিধায় বাংলাদেশী এই বোলারকে পরখ করে দেখারও সুযোগ হয়নি। যার খেসারত গুনতে হয়েছে একে পর এক উইকেট হারিয়ে।
দলীয় ৫ রানে ভুসিমুসি সিবান্দাকে সরাসরি বোল্ড করেন ডলার। এরপর আগের ম্যাচে রেকর্ড ১৯৪ রানে অপরাজিত থাকা চার্লস কভেন্ট্রিকে শূন্যতেই বিদায় দেন উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে। ৯ রানে দুই উইকেট পতন, জিম্বাবুয়ে শিবিরে যেন বিপর্যয় ডেকে আনে।
শুরুর ধাক্কা সামাল ওঠার সুযোগ মেলেনি। খোয়া যায় আরো একটি উইকেট। এবার বাধ সাধেন সফরকারী ফিল্ডাররা। ব্যক্তিগত ২৫ করে রান আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান মাসাকাদজা। জিম্বাবুয়ের সংগ্রহে তখন তিন উইকেটে ৪৩ রান।
চার নম্বরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি ওয়ালারও। বড় স্কোরের আশায় থিতু হতে গেলেই তার উইকেটে হানা দেন ডলার মাহমুদ। ১০ রান তুলে বোল্ড হন এই ডানহাতি।
বাংলাদেশের দুই পেসার ডলার ও সৈয়দ রাসেল পালা করে উইকেট শিকারে মেতে ওঠায় ৬৯ রানে ছয় উইকেট খোয়ায় জিম্বাবুয়ের। এতে অল্প রানে ইনিংস গুটিয়ে যাওয়ার শংকা দেখা দেয়। সেখান থেকে দলকে আলোর পথ দেখায় সপ্তম ও অষ্টম জুটি। সপ্তম জুটিতে আসে ৫৪ রান। আর অষ্টম উইকেটে যোগ হয় ৫৩ রান।
স্বাগতিক দলের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৬১ রান যোগ করে মেহরাব জুনিয়রের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন টেলর। এটি তার ১৪তম হাফ সেঞ্চুরি। তখন জিম্বাবুয়ের সংগ্রহ ছিল আট উইকেটে ১৭৬। এরপর রেমন্ড প্রাইস ৪৬ রান করলে ২০০ পেরিয়ে যায় জিম্বাবুয়ে।
মাত্র ২৮ রান খরচায় চার উইকেটই নিয়েছেন পেসার ডলার মাহমুদ। সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমেই এই সাফল্য পেয়েছেন তিনি। এছাড়া সৈয়দ রাসেল দু'টি, মাহমুদুল্লাহ, মেহরাব হোসেন ও নাঈম ইসলাম একটি করে উইকেট নেন।
এরই মধ্যে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। পঞ্চম ম্যাচটি তাই অনেকটা চাপমুক্ত থেকেই খেলার সুযোগ পাচ্ছে সফরকারী দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/২১২৫ ঘ.
bdnews24