২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মানজনক স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে

শুরুর বিপর্যয় এড়িয়ে সম্মানজনক স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে। ৪০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ সাত উইকেটে ১৬৮।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 11:06 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুর বিপর্যয় এড়িয়ে সম্মানজনক স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে। ৪০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ সাত উইকেটে ১৬৮। বাংলাদেশের বোলিং তোপের মুখে একের পর এক উইকেট হারিয়ে শুরুতে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ৬৯ রানে ছয় উইকেট হারালেও সপ্তম জুটিতে টেলর ও অধিনায়ক প্রসপার উতসেয়া ৫৪ রান যোগ করেন। হাফ সেঞ্চুরি নিয়ে ব্যাট করছেন টেলর ও রেমন্ড প্রাইস। বাংলাদেশের পক্ষে চার উইকেটই নিয়েছেন পেসার ডলার মাহমুদ। সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমেই এই সাফল্য পেয়েছেন তিনি। এছাড়া সৈয়দ রাসেল ও মাহমুদুল্লাহ একটি করে এবং রান-আউট থেকে এসেছে একটি উইকেট। দলীয় ৫ রানে ভুসিমুসি সিবান্দাকে সরাসরি বোল্ড করেন ডলার। এরপর আগের ম্যাচে রেকর্ড ১৯৪ রানে অপরাজিত থাকা চার্লস কভেন্ট্রিকে শূন্য রানে বিদায় দেন উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে। তৃতীয় উইকেটের পতন হয় দলীয় ৪৩ রানে। ব্যক্তিগত ২৫ করে রান আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান মাসাকাদজা। চার নম্বরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি ওয়ালারও। ১০ রান নিয়ে ডলারের বলে বোল্ড হন তিনি। পঞ্চম জুটিতে বড় স্কোর আশা করা হলেও উইকেট পতন ঠেকাতে পারেনি জিম্বাবুয়ে। ৬৫ রানে সৈয়দ রাসেলের বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন শন উইলিয়ামস। ১৩ বলে ১২ রান করে বিদায় নেন এই জিম্বাবুয়েন। ৬৯ রানে পৌঁছানোর পর আরেকবার উইকেট হারায় জিম্বাবুয়ে। ডলার মাহমুদের বলে এলবিডব্লিউ হন চিগুম্বুরা। সপ্তম উইকেটের পতন হয় দলের ১২৩ রানে। ব্যক্তিগত ২১ রানে মাহমুদুল্লার বলে বোল্ড হন প্রসপার উতসেয়া। অথচ আগের দুই ম্যাচের মতো বড় ইনিংসের আশায় মঙ্গলবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিং নেন জিম্বাবুয়ে অধিনায়ক। তখন হয়তো ভাবতে পারেননি নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে হবে। সিরিজের পঞ্চম ও শেষ একদিনের ম্যাচে একাদশে দু'টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার মাহবুবুল আলমের পরিবর্তে সুযোগ পেয়েছেন ডলার মাহমুদ। রুবেল হোসেনের বদলি হিসেবে জিম্বাবুয়ে সফর করছেন তিনি। এছাড়া স্পিনার এনামুল হক জুনিয়রের জায়গায় খেলছেন মেহরাব হোসেন জুনিয়র। সিরিজের তৃতীয় ওয়ানডের একাদশে ছিলেন তিনি। এরই মধ্যে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। পঞ্চম ম্যাচটি তাই অনেকটা চাপমুক্ত থেকেই খেলার সুযোগ পাচ্ছে সফরকারী দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/১৬১৪ ঘ.