ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৫৪ রানের ইনিংসটি তামিম ইকবাল তার প্রয়াত পিতা মোহাম্মদ ইকবাল খানের নামে উৎসর্গ করেছেন। তার এই দুরন্ত ইনিংসের কারণেই ম্লান হয়ে যায় চার্লস কভেন্ট্রির ১৯৪ রানের বিশ্ব রেকর্ড। যেটি তিনি ভাগাভাগি করেছেন সাবেক পাকিস্তানী উদ্বোধনী ব্যাটসম্যান সাঈদ আনোয়ারের সঙ্গে।
টাইগারক্রিকেট ডটকমকে তামিম বলেন, "এটিই আমার জীবনের সেরা ইনিংস এবং এটি আমি উৎসর্গ করলাম আমার প্রয়াত বাবার নামে। কারণ আজ আমি আন্তর্জাতিক ক্রিকেটার হয়েছি তারই জন্য।"
"গত কয়েক মাস ধরে আমি ২০-৩০ এর ঘরেই আটকে থাকতাম। এরপর আউট হতাম বাজে শট খেলে। কিন্তু রোববারের ইনিংসের সঙ্গে ওগুলোর পার্থক্য আছে। দলের প্রয়োজনে আমি ঠিক যেভাবে খেলতে চেয়েছি সেভাবেই খেলতে পেরেছি।"
তামিমের ১৫৪ রানই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। শুধু তাই নয়, তিন শ'রও বেশি রান তাড়া করে জয়ের অভিজ্ঞতাও বাংলাদেশের এই প্রথম। তবে এমন শান্ত মেজাজের দুরন্ত ইনিংস খেলার জন্য তামিম কোচ জেমি সিডন্সের ভূমিকাকেই বড় করে দেখেছেন। কারণ মাঠে নামার আগে সিডন্স পই পই করে শান্ত থেকে স্বাভাবিক খেলার পরামর্শ দিয়েছেন।
এ প্রসঙ্গে তামিম বলেন, "তিন শ'রও বেশি রান তাড়া করতে করতে গেলে ব্যাটসম্যানদের ওপর চাপ থাকবেই। এ সময় নেমেই পিটিয়ে খেলার প্রবণতা থাকে। তবে তিনি (সিডন্স) আমাদের কখনই চাপের মুখে ঠেলে দেননি। তিনি আমাদের বলেছিলেন, যদি স্বাভাবিক খেলা খেলতে পারি তাহলে সহজেই আমরা লক্ষ্যে পৌঁছতে পারব। কোচ আমাদের এ কথাও বলেছিলেন যে যদি ১০ ওভারে ৫০ রানও তুলি, তাতেও কোনও সমস্যা নেই। তবে আমাদের চেষ্টা করতে হবে খুব বেশি উইকেট না হারানোর।"
"জিম্বাবুয়ের ইনিংসের পর ড্রেসিং রুমের পরিবেশ ছিল শান্ত। শুধু তাই নয়, খোশ-গল্পে মেতে ছিলেন খেলোয়াড়রা। হাসছিলেন, নিজেদের মধ্যে মজা করছিলেন। আত্মবিশ্বাসের ছাপ ছিল সবার চোখে-মুখে। আমিও অনুভব করতে পারছিলাম যে আমরা বিশাল রানের ওই টার্গেট ঠিকই টপকে যেতে পারবো," বলেন তিনি।
তামিম বলেন, "ব্যাটিং-এ নামার পর আমরা কখনই আতঙ্কিত হয়ে পড়িনি। ব্যাটও করেছি পরিকল্পনা অনুযায়ী।"
ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছে। যে কারণে তিনিও দীর্ঘ একটি ইনিংস খেলতে সক্ষম হয়েছেন বলে জানান তামিম।
সাঈদ আনোয়ারের পাশাপাশি দাঁড়ানোর জন্য চার্লস কভেন্ট্রিকে সাধুবাদ জানাতে ভোলেননি তামিম। তিনি বলেন, ইনিংস শেষে কভেন্ট্রির সঙ্গে তিনি কথা বলেছেন, অভিনন্দনও জানিয়েছেন।
শুধু তাই নয়, কভেন্ট্রির সঙ্গে ম্যাচ সেরার পুরস্কার ভাগাভাগি করতে পেরেও খুশি তামিম। কভেন্ট্রিকে তিনি বলেন, "ম্যাচে সেরার ট্রফিটা আপনি রেখে দিতে পারেন। কারণ প্রতিদিন আপনি বিশ্ব রেকর্ড স্পর্শ করতে পারবেন না।"
কভেন্ট্রির ইনিংসটিকে দুর্দান্ত হিসেবে অভিহিত করেন তামিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২১১৯ ঘ.
bdnews24